সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

ভবন আছে, সেবা নেই: দুই দশক ধরে তালাবদ্ধ বাঘার ডায়াবেটিস সেন্টার

reporter

আবুল হাশেম, বাঘা

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ


ভবন আছে, সেবা নেই: দুই দশক ধরে তালাবদ্ধ বাঘার ডায়াবেটিস সেন্টার
নিজের এলাকায় ডায়াবেটিসের চিকিৎসা পাওয়ার কথা ছিল বাঘার বাসিন্দাদের। কিন্তু সেই সুবিধা আজও তাদের নাগালের বাইরে। উপজেলায় একটি সেবাকেন্দ্রের জন্য ভবন তৈরি করা হলেও সেখানে এখন পর্যন্ত কোনো রোগী দেখা হয়নি, কোনো পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও গড়ে ওঠেনি।
 
রাজশাহী বাঘা উপজেলার মীরগঞ্জের ভূমি অফিসের কাছাকাছি জায়গায় ভবনটি অবস্থিত। আশপাশের মানুষের ধারণা, প্রায় বিশ বছর আগে এটি তৈরি করা হয়েছিল। কেউ কেউ বলছেন, ২০০২ সালের পর থেকে ২০০৪ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হয়। তবে ভবনের কোথাও নির্মাণের সময়কাল লেখা কোনো সাইনবোর্ড বা ফলক চোখে পড়ে না, তাই নির্দিষ্ট বছরটি যাচাই করা সম্ভব হয়নি।
 
এলাকাবাসীর ভাষ্য, ভবনটি তৈরি হওয়ার পর থেকে একবারও তা ব্যবহারের জন্য খোলা হয়নি। বছরের পর বছর ফাঁকা পড়ে থাকায় ভবনটির অবস্থাও এখন বেশ নাজুক। অথচ ডায়াবেটিসে ভুগছেন এমন অনেককেই নিয়মিত চিকিৎসার জন্য উপজেলার বাইরে যেতে হয়। কেউ যান জেলা সদরে, কেউ যান আরও দূরের হাসপাতালে। এতে সময় ও অর্থ দুটোই খরচ হচ্ছে রোগীদের।
 
ভবনটি কীভাবে, কার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল—সেই প্রশ্নের উত্তরও এখনো মেলেনি। সরকারি টাকায় নির্মিত হলে তার জন্য নিশ্চয়ই কোনো পরিকল্পনা, বরাদ্দ ও অনুমোদনের প্রক্রিয়া ছিল। কিন্তু বরাদ্দের পরিমাণ কত ছিল, কে কাজটি পেয়েছিলেন, কত টাকা খরচ হয়েছিল—এসব কাগজপত্রের হদিস পাওয়া যাচ্ছে না।
 
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের বক্তব্য, সরকারি অর্থ ব্যয় করে তৈরি একটি স্থাপনা এত দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা দুঃখজনক। তাঁর ভাষায়, অজানা কোনো কারণে কেন্দ্রটি এখনো চালু করা সম্ভব হয়নি। কেন্দ্রটি চালু থাকলে দরিদ্র ও অসহায় রোগীরা ঘরের কাছেই সেবা নিতে পারতেন। তাই দ্রুত উদ্যোগ নিয়ে সেটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
 
এই বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত কুমার সরকার কোনো মন্তব্য করেননি। ভবন নির্মাণ ও সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে জটিলতা থাকার কথা উল্লেখ করে তিনি কথা বলা থেকে বিরত থাকেন।
এমএসএম / এমএসএম

Link Copied