
ঋণের টাকায় কেনা তিন গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার
পটিয়ায় রাতের আঁধারে গোয়ালঘর থেকে তিন গরু চুরি
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুধপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক কৃষক আবুল কাশেমের ছেলে মো. সোহেল পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি গরু চুরি করে নিয়ে যায়।
গরুর মালিকের ছেলে মো. সোহেল জানান, প্রায় এক বছর আগে ব্যাংকের চাকরি হারানোর পর ঋণের টাকায় গরুগুলো কিনেছিলেন। এর আগেও দুই বছর আগে একইভাবে তাঁদের গোয়ালঘর থেকে গরু চুরি হয়েছিল। সর্বশেষ চুরির ঘটনায় তাঁদের পরিবার আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছে।
কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।



















