
---
তারাগঞ্জে বৃষ্টিতে আমন ধান ও আগাম আলুর ক্ষতির শঙ্কা
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ

--
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রংপুরের তারাগঞ্জ উপজেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। কমেছে তাঁদের আয়-রোজগারও।
এদিকে চলতি মৌসুমে মাঠে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। ঠিক এ সময়ে বৃষ্টি শুরু হওয়ায় জমিতে পানি জমেছে। কাটা ধান ভিজে যাওয়ায় এবং পাকা ধান বাতাসে হেলে পড়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। একই সঙ্গে আলু, রসুন, পেঁয়াজ ও সরিষার জমিতেও পানি জমেছে। বিশেষ করে সম্প্রতি রোপণ করা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
কৃষকদের আশঙ্কা, ফসল উৎপাদনে বাড়তি খরচের পাশাপাশি বৃষ্টিতে ফসলের ক্ষতি হলে আর্থিক লোকসানে পড়তে হবে তাঁদের। এমনিতেই উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। তার ওপর বৈরী আবহাওয়া নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে।
উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের আদাহিন্না গ্রামের কৃষক মতুজা বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। এর মধ্যে এক বিঘা জমির ধান কেটে জমিতে রাখা হয়েছিল। খড় শুকিয়ে গেলে মাড়াই করার কথা ছিল। কিন্তু সকাল থেকে বৃষ্টিতে জমিতে পানি জমেছে। অন্যদিকে যেসব ধান কাটা হয়নি, সেগুলো বাতাসে মাটিতে শুয়ে পড়েছে। ধান পানিতে ভাসছে। এতে ফলন কমার পাশাপাশি শ্রমিক খরচও বাড়বে। বৃষ্টিতে মোটামুটি ধানের ক্ষতি হয়েছে।’
উজিয়াল গ্রামের কৃষক মোমিনুর বলেন, ‘কিছুদিন আগে এক বিঘা জমিতে দেশি জাতের আলু রোপণ করেছি। কিছু গাছ বের হয়েছে, এখনো অনেক আলুর গাছ ওঠেনি। দুই দিনের বৃষ্টিতে জমিতে পানি জমেছে। যেসব আলু থেকে এখনো গাছ বের হয়নি, সেগুলোর কী হবে বুঝতে পারছি না। আবার যেসব গাছ উঠেছে, সেগুলোতে পচন ধরার আশঙ্কা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘শাকসবজির জন্য অল্প পানি ভালো। কিন্তু বেশি পানি হলে সমস্যা হয়।’
তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, ‘বৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে বৃষ্টিতে ফসলের, বিশেষ করে ধানের তেমন বড় ক্ষতি হয়নি। আমন ধানের কিছু শীষ হেলে পড়েছে। আবহাওয়া ভালো হলে সেগুলো স্বাভাবিক হয়ে যাবে।




















