
খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, পুড়েছে ১৬ লাখ টাকার মালামাল
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাশাপাশি দুটি দোকানঘর ও সেখানে থাকা তুলা, কাপড়, লেপ-তোশক তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর দাবি, এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী হলেন উপজেলার রানীচাপুর গ্রামের মহাজউদ্দিনের ছেলে রবিউল মিয়া এবং সুরুজ আলী মিয়ার ছেলে ফিরোজ মিয়া।
ব্যবসায়ী রবিউল মিয়া জানান, তাঁর তুলার গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। তাঁর গুদামে থাকা প্রায় ১২০ বস্তা তুলা, ১৫০ বান্ডিল কাপড় এবং লেপ-তোশক তৈরির মেশিন পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, পাশের দোকানদার ফিরোজ মিয়ার দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তাঁর দোকানে থাকা তুলা, মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ফিরোজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে রবিউল মিয়ার দাবি, ফিরোজ মিয়ার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ধারণা, দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ফিরোজ মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খালিয়াজুরীর লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, তিনি জেলা কার্যালয়ে সভায় থাকায় ঘটনাস্থলে যেতে পারেননি। তবে অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও সেগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়েছেন। ঘটনাটি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।




















