
অনলাইন ব্যবসার প্রলোভনে ৩৭ লাখ টাকা আত্মসাৎ, তদন্তে বেরিয়ে এল প্রতারণা চক্রের তথ্য
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ

অনলাইন ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে ৩৭ লাখ ১৭ হাজার ২২৫ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযানে বিপুল পরিমাণ ব্যাংক কার্ড, চেকবই ও সিমকার্ড উদ্ধারের পাশাপাশি রিমান্ডে প্রতারণা চক্রের একাধিক সদস্যের নাম প্রকাশ পেয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী মো. মাসুদ রানাকে (৪৪) অনলাইন মার্কেটপ্লেস ‘লাজাদা’য় ব্যবসার প্রস্তাব দেন শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় গ্রামের মো. বাচ্চু মেম্বারের ছেলে মো. মশিউর রহমান সোহান। বিশ্বস্ততার আশ্বাস ও বিভিন্ন লেনদেনের নমুনা দেখিয়ে তাঁকে বিনিয়োগে আগ্রহী করা হয়। শুরুতে ৫০ হাজার টাকা পাঠানোর পর অনলাইন শপে অর্ডার আসতে শুরু করলে ভুক্তভোগীর বিশ্বাস জন্মায়। পরবর্তীতে বিকাশ, নগদ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ধাপে ধাপে মোট ৩৭ লাখ ১৭ হাজার ২২৫ টাকা বিনিয়োগ করেন তিনি।
তবে বিনিয়োগের লভ্যাংশ ও মূলধন উত্তোলন করতে গেলে বিপত্তি দেখা দেয়। অনলাইন অ্যাকাউন্টে জমা থাকা অর্থ তুলতে হলে নতুন করে আরও ৭ লাখ ৩২ হাজার টাকা জমা দিতে হবে বলে শর্ত দেওয়া হয়। অতিরিক্ত অর্থ না দিলে পূর্বের টাকা উত্তোলন সম্ভব নয়—এমন দাবির পর প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী। এ ঘটনায় গত ১৭ জুলাই ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তে অভিযুক্তকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্যাংকের চেকবই, এটিএম কার্ড, বিভিন্ন কোম্পানির মুঠোফোন ও সিমকার্ডসহ ডিজিটাল লেনদেনের গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এসব ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবা নম্বরের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের তথ্যও সামনে এসেছে।
পরবর্তীতে আদালতের আদেশে অভিযুক্তকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কথিত এ প্রতারণা চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে নাজমুল সাকিব, রাকিব হাসান জয় ও নাদিম সবুজসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী দ্রুত খোয়া যাওয়া অর্থ উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















