
কুড়িগ্রামে বদলি স্থগিতের পরও পূর্বের কর্মস্থলে ফেরেননি ১২ প্রাথমিক শিক্ষক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ

নিয়মনীতির তোয়াক্কা না করে ও তথ্য গোপন করে কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তউপজেলা বদলিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়ম ও অসংগতির কারণে বদলির আদেশ স্থগিত করা হলেও দেড় মাসের বেশি সময় ধরে নিজ নিজ কর্মস্থলে ফেরেননি পদায়ন পাওয়া ১২ জন শিক্ষক। এতে তাঁদের কর্মস্থল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং পূর্বের বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও তাঁরা নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির জন্য ৪৩ জন শিক্ষক আবেদন করেন। আবেদনের শেষ সময় ছিল ২৮ সেপ্টেম্বর। যাচাই-বাছাই শেষে ২৯ সেপ্টেম্বর ১২ জন শিক্ষকের বদলির আদেশ জারি করে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’। তবে নীতিমালা লঙ্ঘন করে বদলির অভিযোগ ওঠায় পরদিন ৩০ সেপ্টেম্বর ওই বদলির আদেশ স্থগিত করে পত্র জারি করে কমিটি।
অভিযোগ রয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বদলি নীতিমালা উপেক্ষা করে প্রেষণে (ডেপুটেশন) কর্মরত থাকাবস্থায় এবং শূন্য পদ নেই এমন বিদ্যালয়েও এসব শিক্ষককে পদায়ন দেওয়া হয়। এমনকি আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর তালিকা পরিবর্তন করে নতুন নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে।
তবে স্থগিতাদেশ পাওয়া শিক্ষকদের দাবি, তাঁরা দাপ্তরিকভাবে বদলি স্থগিতের কোনো চিঠি পাননি। শিক্ষা কর্মকর্তাদের মৌখিক নির্দেশনার ভিত্তিতেই তাঁরা নতুন পদায়নকৃত বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌখিকভাবে তাঁদের পূর্বের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও তাঁরা তা মানছেন না বলে জানা গেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহমুদুল হাসান জানান, শিক্ষকদের তথ্য গোপন ও বদলি প্রক্রিয়ায় কিছু অসংগতি নজরে আসায় আদেশটি স্থগিত করা হয়েছে। খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।




















