
টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নরেশ বিশ্বাস (৩২) নামের এক নেতা। তিনি ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে নরেশ বিশ্বাস বলেন, দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। তবে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তাঁর পছন্দ হয়নি। এ ছাড়া শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণে সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন থেকে বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন না। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।




















