
জনতার হাতে ধরা পড়েও নদীতে ঝাঁপ দিয়ে পালিয়েছে শীর্ষ মাদক কারবারি ইলিয়াস; ১২৬ পিস ইয়াবা জব্দ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ

বাগেরহাটের শরণখোলায় এলাকাবাসীর সাহসী ও উদ্যমী উদ্যোগে ১২৬ পিস ইয়াবাসহ মাদকের একটি চালান জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি ইলিয়াস তালুকদার গায়ে থাকা কাপড় খুলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার পশ্চিম খোন্তাকাটা এলাকার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় ইয়াবা কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদ পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়উন কবিরের নেতৃত্বে সচেতন এলাকাবাসী ওই এলাকায় উপস্থিত হয়ে চিহ্নিত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে এক প্যাকেট ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলেন। কিন্তু আটকাবস্থায় কৌশলে গায়ে থাকা কাপড় ফেলে দিয়ে ইলিয়াস নদীতে ঝাঁপ দেন এবং অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মাদক কারবারিদের প্রতিহত ও দমনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়ে নদীর পাড়ে সমবেত হন।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় মাদক কারবারি ইলিয়াসের সাথে একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রয় ও পলায়নে সহায়তার উদ্দেশ্যে আরও বেশ কয়েকজন সহযোগী উপস্থিত ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাওয়ার আগেই সহযোগীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ইলিয়াস শরণখোলা উপজেলার একজন শীর্ষ মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলাসহ প্রায় ১১টি গুরুতর মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া শীর্ষ মাদক কারবারি ইলিয়াস তালুকদার ও তার সহযোগীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহলের অভিমত, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের এমন সমন্বিত ও কঠোর অবস্থান অব্যাহত থাকলে শরণখোলা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব হবে।






















