
লামায় অর্ধশতাধিক ড্রেজারে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বসতি ও ফসলি জমি
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:২১ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন নদ-নদী ও ছড়া থেকে অর্ধশতাধিক ড্রেজার মেশিন ও শ্যালো ইঞ্জিন বসিয়ে গত এক মাস ধরে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। বালু উত্তোলনে বাধা দিলে ভয়ভীতি দেখাতে অস্ত্রধারী ক্যাডার বাহিনীর মহড়ারও অভিযোগ উঠেছে। এতে নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজনগর ইউনিয়নের ডলু খাল, ধূইল্যাখাল, গরুরলোডা ছড়া ও আমতলী এলাকার নদীপাড় কেটে দিন-রাত সমানে বালু তোলা হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও নদীতীর কাটার ফলে আশপাশের ফসলি জমি, সড়ক, মসজিদ-মাদ্রাসা ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উত্তোলন করা কয়েক লাখ ঘনফুট বালু নদীর পাড়ে বড় বড় স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সংঘবদ্ধ চক্রটি এসব বালু চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে পাচার করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে সদ্য যোগদান করা লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ প্রশাসন পেয়েছে। জড়িত বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















