
যাত্রীসেবার মানোন্নয়ন, আয় বৃদ্ধি ও পরিচ্ছন্নতায় অগ্রাধিকার
রেলকে আরও জনবান্ধব করতে চান পূর্বাঞ্চলের জিএম
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ

বাংলাদেশ রেলওয়েকে সাধারণ মানুষের নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম হিসেবে গড়ে তুলতে যাত্রীসেবার মানোন্নয়ন, আয় বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম পিইঞ্জ। রেলের বিদ্যমান সম্পদ ও জনবলকে যথাযথভাবে কাজে লাগানো, সেবার মান বাড়ানো, টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের ভোগান্তি কমানোর মাধ্যমে রেলওয়ের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার বর্তমান অবস্থা, আয় বৃদ্ধির সম্ভাবনা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এবং বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলাকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, রেলওয়ে শুধু একটি পরিবহন সংস্থা নয়, এটি দেশের মানুষের গুরুত্বপূর্ণ গণপরিবহন সেবা। তাই যাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একজন যাত্রী স্টেশনে প্রবেশ থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যেন হয়রানি ও অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, রেলওয়ে একটি সেবামূলক সরকারি সংস্থা, যাত্রীসেবার কথা চিন্তা করে প্রতিবছর হাজার কোটি টাকারও বেশি, অর্থ ভূর্তুকি দেয় সরকার। তাই লোকসান কমাতে আয় বৃদ্ধির ব্যবস্থা নেওয়া দরকার। তবে এর জন্য শুধু ভাড়া বাড়ানোর চিন্তা করলে হবে না; বরং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার, টিকিট বিক্রিতে স্বচ্ছতা, অবৈধ দখল ও অনিয়ম প্রতিরোধ এবং বাণিজ্যিক কার্যক্রমের পরিধি বাড়াতে হবে। রেলের প্রতিটি সম্পদকে আয়বর্ধক কাজে লাগানোর পাশাপাশি অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের ওপর জোর দিতে হবে। সক্ষমতা অনুযায়ী বন্দরের পণ্য পরিবহনে আরও ট্রেন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়া দেশে বিভিন্ন এলাকা থেকে পণ্য পরিবহনে জনগণকে রেলের প্রতি আকৃষ্ট করতে হবে। সেবায় ভোগান্তির বিষয়ে তিনি বলেন, শতভাগ পারফেক্ট হবে এমন বলছি না, কিছু কিছু ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকতে পারে, তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে নির্ভুল সেবা দেওয়ার চেষ্টা থাকবে।
পরিচ্ছন্নতা প্রসঙ্গে জিএম বলেন, রেলস্টেশন, প্ল্যাটফর্ম, ট্রেনের বগি, শৌচাগার ও যাত্রীদের ব্যবহার্য স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ যাত্রীসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা বন্ধে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
রেলওয়ের সেবার মান উন্নয়নে তদারকির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। রেলওয়ের সুনাম রক্ষায় সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
ট্রেনের সময়ানুবর্তিতা নিয়েও কথা বলেন তিনি। তাঁর মতে, যাত্রীদের কাছে সময়মতো ট্রেন চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যান্ত্রিক ত্রুটি, অবকাঠামোগত সীমাবদ্ধতা কিংবা পরিচালনাগত সমস্যার কারণে কোনো ট্রেন বিলম্বিত হলে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। যাত্রীদের যথাসময়ে তথ্য দেওয়ার ব্যবস্থাও আরও কার্যকর করা প্রয়োজন।
রেলের আয় বৃদ্ধির বিষয়ে তিনি মনে করেন, পূর্বাঞ্চলের রেলপথ, স্টেশন, জমি, মালবাহী ট্রেন এবং অন্যান্য বাণিজ্যিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি সম্পদের অপব্যবহার বন্ধ করে প্রতিটি খাতের আয়-ব্যয়ের হিসাব নিয়মিত পর্যালোচনা করা জরুরি।
রেলের টিকিট কালোবাজারি, প্রকল্পের কাজ যথাসময়ে শেষ না হওয়া, ঠিকাদার-কর্মকর্তার অনৈতিক সুবিধা আদান প্রদান উন্নয়নের পথে বড় অন্তরায়। আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করা সমাধান করার চেষ্টা করব।
সারাবাংলাদেশের রেল নেটওয়ার্ককে ডুয়েলগেজ এর আওয়তায় আনতে পারলে যাত্রীসেবা ও আয় বাড়বে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, মিটারগেজ লাইনে ট্রেন চলাচলে গতি থাকে সিমিত, সর্বোচ্চ ৬০ কিলোমিটারের বেশি চালানো যায় না। কিন্তু একই ট্রেন ব্রডগেজ লাইনে ১০০ কিলোমিটার বেগে চালানো যায়। এরফলে যাত্রী ও পণ্য পরিবহনে অনেকটা সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি একই সময়ে আরও বেশি ট্রেন চালানো যাবে। যাত্রীরা দ্রুত সময়ে গন্তব্যে পৌছাবে রেলেরও আয় বাড়বে। এর জন্য ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ডুয়েলগেজ লাইন বসানোর কাজ অনেকটা এগিয়েছে। শুধুমাত্র টঙ্গী থেকে আখাউড়া ও লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত মিটারগেজ লাইন আছে। এই জায়গাটুকু ডুয়েলগেজ ডাবল লাইন করার জন্য অলরেডি এডিবির অর্থায়নে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি সময়মতো বাস্তবায়িত হলেই সারাদেশের রেল নেটওয়ার্ক ডুয়েলগেজের আওয়তায় আসবে। তবে এর সুফল দ্রুত সময়ে পেতে হলে ২টি প্রকল্প একসাথে নিতে পারলে একই সময়ে শেষ করা যেত। তবুও আমরা আশাবাদী যথা সম্ভব দ্রুতসময়ে এই প্রকল্পের কাজ শেষ করে যাত্রীসেবার মানোন্নয়ন আরো একধাপ এগিয়ে যাবে। এছাড়া ধীরাশ্রমের আইসিডি টার্মিনালের কাজ শেষ হলে সেখানে ৩ থেকে ৪ লাখ কন্টেইনার রাখা সম্ভব হবে। এটি হবে পণ্য পরিবহনের এক নতুন দিগন্ত। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারলে প্রকল্পের সুফল দ্রুত পাওয়া যাবে।
রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা প্রসঙ্গে জিএম বলেন, একটি প্রতিষ্ঠানের উন্নয়ন এককভাবে কোনো কর্মকর্তার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পেশাদারত্ব। প্রত্যেককে মনে রাখতে হবে, রেলওয়ের প্রতিটি কাজের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত।
তিনি বলেন, যাত্রীসেবার উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিতে হবে। যাত্রীদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিতে হবে। রেলওয়ের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা ও আন্তরিকতার বিকল্প নেই।
সংশ্লিষ্টদের মতে, রেলওয়ে পূর্বাঞ্চলের বিশাল কর্মযজ্ঞে যাত্রীসেবার মানোন্নয়ন, রাজস্ব আয় বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তবে এসব লক্ষ্য বাস্তবায়নে শুধু পরিকল্পনা বা নির্দেশনা যথেষ্ট নয়; প্রয়োজন নিয়মিত তদারকি, কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা এবং জবাবদিহি। মহাব্যবস্থাপকের ঘোষিত অগ্রাধিকারগুলো বাস্তবে কতটা প্রতিফলিত হয়, এখন সেটিই দেখার বিষয়।






















