
দুই হাজার শিক্ষার্থীর অংশ গ্রহনে সুবর্ণচরে এফএএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ

নোয়াখালীর সুবর্ণচরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এফএএফ স্কলারশিপ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার ছয়টি পরীক্ষাকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার ৬০টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষা সমন্বয়কারী রোমানা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্যাংক কর্মকর্তা সাইদুজ্জামান সুজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ফাউন্ডেশনের উপদেষ্টা সাইদুর রহমান সুবিন, বৃত্তি পরিচালনা কমিটির সদস্য মহিব উল্লাহ, ইয়াছিন আরাফাত আকাশসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
পরিদর্শনকালে অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে উচ্চশিক্ষায় সহযোগিতা করার প্রচেষ্টা থাকবে। এ সময় তিনি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার কার্যক্রমে সদ্য প্রয়াত সুবর্ণচরের কৃতী সন্তান ও কবিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম সাজুর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এ কার্যক্রম পরিচালনায় শফিকুল সাজু নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর অবদান স্মরণীয় করে রাখতে এবারের প্রশ্নপত্রে তাঁর ছবি সংযুক্ত করা হয়েছে। ফাউন্ডেশনের এ কার্যক্রম অব্যাহত থাকা পর্যন্ত তাঁকে স্মরণ করা হবে।
সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী করে তুলবে। ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তায় নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।



















