শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

reporter

মো: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ


দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. নাইম (১৯), পিতা মিজানুর রহমান এবং মো. মাজহারুল, পিতা মৃত শাহজাহান, উভয়ই সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা, তাঁদের আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় দেবিদ্বার উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মো: তোফায়েল আহমেদ / এমএসএম

Link Copied