
হাকিমপুরে বিনামূল্যে সার বীজ বিতরণের উদ্বোধন ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করলেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ

দিনাজপুরের হাকিমপুরে, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন (এমপি,১১ দিনাজপুর -৬)। মন্ত্রী ডাঃ জাহিদের দিনাজপুর সফরের অংশ হিসেবে শুক্রবার দুপুরের পর তিনি হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে হাকিমপুর উপজেলা কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।এসময় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম সহ উপজেলা বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রী ডাঃ জাহিদ হাকিমপুর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড /কর্মসূচি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলমান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার জন্য অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন এবং নাশকতা ও বিভিন্ন অপপ্রচারের ব্যাপারে কঠোর হুঁশিয়ারী প্রদান করেন ।
এছাড়াও দিনাজপুর -৬ আসন তথা হাকিমপুরের নেতাকর্মীদের সজাগ থাকার এবং যেকোন ধরনের নাশকতা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান।



















