
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান পরিচালনা করে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় ভারতীয় নেশাজাতীয় ২১৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
একই দিন রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায় ফতেপুর বিওপির বিশেষ টহলদল। এ অভিযানে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
তিনটি অভিযানে সর্বমোট ৩৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা সতর্ক ও নিয়োজিত রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।




















