
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, নেতাদের হুঁশিয়ারি
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১৯ অপরাহ্ণ

গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবন, থানা, যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু শামা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসকেন্দার মির্জা জুয়েল ও মোকলেছুর রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোয়ব আলী আকন্দ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্লাবনসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে। এ ধরনের নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের গেটে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















