
টাঙ্গাইলে শ্রদ্ধা ও ভালোবাসায় মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলে শ্রদ্ধা ও ভালোবাসায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে ভক্ত, অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল। ফুলে ফুলে সেজেছে তাঁর মাজার। শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। এরপর হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবারের সদস্যরা এবং আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৭ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সকাল ৭টা ৩০ মিনিটে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভাসানী পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় তবারক বিতরণ এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে পূর্ববর্তী কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে " মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।




















