
নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ অপরাহ্ণ

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হওয়ার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে উপজেলা সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ নভেম্বর চরযশোরদী ইউনিয়নের আশফরদী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া ও নজরুল শেখ। এ সময় ডিলার লিয়াকত আলী সরদার (টিটু)-এর পক্ষ থেকে তাঁরা লাঞ্ছনা ও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া নগরকান্দা থানায় মামলা দায়ের করলেও এখন পর্যন্ত আসামিরা গ্রেপ্তার হননি। পুলিশের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনজুরুল আলম ফরিদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আইয়ুব মুন্সীসহ নগরকান্দা প্রেসক্লাব ও নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
মানববন্ধন থেকে অভিযুক্ত ডিলার লিয়াকত আলী সরদার টিটোর ডিলারশিপ বাতিল, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ তৈরিতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।




















