
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং উপজেলাটিকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সরকার ইতিমধ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়া বিমানবন্দরের কাজ শুরুর পরপরই ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজে হাত দেওয়া হবে। এই বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আর্থসামাজিক ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি খুব শিগগিরই ত্রিশালে পর্যটন অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা ও মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।




















