
রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরইএমপি) নারী কর্মী নিয়োগে অনিয়ম ও চরম বৈষম্যের অভিযোগ উঠেছে। সংসারে অভাব-অনটন থাকা সত্ত্বেও প্রকৃত দুস্থ নারীদের বাদ দিয়ে তুলনামূলক সচ্ছল ও আগের প্রকল্পে কাজ করা নারীদের পুনর্নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন বঞ্চিতরা। এ ঘটনায় পুরো নিয়োগপ্রক্রিয়া তদন্তের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার চৌধুরী ঘুঘাট আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নাজমা খাতুন অভিযোগ করেন, তাঁর স্বামী প্রায় পাঁচ বছর ধরে চার সন্তানসহ তাঁর কোনো ভরণপোষণ দিচ্ছেন না। অনাহারে-অর্ধাহারে দিন কাটালেও তাঁকে কাজ দেওয়া হয়নি। উল্টো স্বামী জীবিত ও সচ্ছল থাকা সত্ত্বেও অনেকে সুযোগ পেয়েছেন। এছাড়া অতীতে কাজ করার অজুহাতে তাঁকে বাদ দেওয়া হলেও অন্য কয়েকজনকে ঠিকই পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
খুশি খাতুনসহ একাধিক বঞ্চিত আবেদনকারীর অভিযোগ, মাহমুদা, শাহানা ও শিল্পী নামের কয়েকজন আবেদনকারী আর্থিকভাবে সচ্ছল এবং পূর্বেও এ প্রকল্পে কাজ করেছেন। এরপরও অদৃশ্য কারণে তাঁদের আবার নির্বাচিত করা হয়েছে, যার ফলে সরকারের এ কল্যাণমূলক প্রকল্পের মূল লক্ষ্য ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় নাজমা খাতুন ইউএনও বরাবর দেওয়া লিখিত আবেদনে নির্বাচিতদের পারিবারিক অবস্থা নিরপেক্ষভাবে যাচাই, নির্বাচিত ও বাদ পড়া সব প্রার্থীর তালিকা এবং মূল্যায়নের মাপকাঠি প্রকাশ্যে প্রকাশের দাবি জানান। একই সঙ্গে নিজের অসহায় পরিস্থিতি বিবেচনা করে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার আবেদন করেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক জানান, নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতার ভিত্তিতেই সম্পন্ন করা হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট বৈষম্য বা অনিয়মের অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















