
শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে লাঠি খেলা অনুষ্ঠিত
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ

মাগুরার শ্রীপুরে মরহুম জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা ও ঝিনাইদহ জেলার ৮ টি দল অংশগ্রহণ করে। এ্যাডঃ ইমরান শেখের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম শেখ, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাছান অন্তর ও ইমরান আলী, আমলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাদ্দেস শেখ, আমলসার ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক জিহাদ মোল্যা, আমলসার ইউনিয়ন যুবদল নেতা মোঃ জামাল শেখ, কৃষকদল নেতা মোঃ সুফিয়ার শেখসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে নেচে লাঠিয়ালরা নিজেদের অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করেন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠিখেলাকে আরও আকর্ষণীয় করে তোলে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য। প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা দেখতে হাজারো দর্শক উপস্থিত হন। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠে খেলার আসর।
খেলা উপভোগ করতে আসা দর্শকরা দাবি জানান ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন যেন প্রতি বছরই অব্যাহত থাকে। আগামী দিনে যেন নতুন প্রজন্ম এ খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে। এটাই আমাদের প্রত্যাশা।
লাঠি খেলার সভাপতি এ্যাড. মোঃ ইমরান শেখ জানান, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে বসেছে। তাই খেলার ঐতিহ্য ধরে রাখতে আমাদের গ্রামের মানুষ মিলে এই খেলার আয়োজন করি৷
ঐতিহ্যবাহী এ লাঠি খেলায় আমলসার ইউনিয়ন ছাড়াও আশপাশের ইউনিয়নের কয়েক শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




















