
হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩ নভেম্বর রাতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চাপসার বিওপির দায়িত্বাধীন হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




















