
আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও আত্মহত্যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে; তারা এলে কথা বলে পারিবারিক কলহ ছিল কি না তা নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।




















