মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

অপহরণের ১০ দিন পর উদ্ধার কলেজছাত্র রিদয়ন: মুক্তিপণ নিয়েও আটকে রাখার অভিযোগ

reporter

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ


অপহরণের ১০ দিন পর উদ্ধার কলেজছাত্র রিদয়ন: মুক্তিপণ নিয়েও আটকে রাখার অভিযোগ

মানিকগঞ্জের ঘিওরের সন্তান কলেজছাত্র রিদয়ন আনসারী (২৫) অপহরণের শিকার হওয়ার দীর্ঘ ১০ দিন পর ঢাকার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে উদ্ধার হয়েছেন। মঙ্গলবার সকালে এক ট্রাকচালক ও পথচারীর সহায়তায় পরিবারের সাথে যোগাযোগ করলে স্বজনেরা তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার হওয়া রিদয়ন আনসারী ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মরহুম আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। তিনি পরিবারের সাথে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করে বিবিএ সম্পন্ন করার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।

পারিবারিক সূত্র ও ভুক্তভোগীর বরাতে জানা গেছে, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদয়ন। আবদুল্লাহপুর থেকে ‘প্রভাতী বনশ্রী’ পরিবহনের একটি বাসে ওঠার পর উত্তরার আজমপুর এলাকায় মাস্ক পরিহিত এক ব্যক্তি তাঁর পাশে বসেন। এরপরই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চেতনা ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি। ওই রাত সাড়ে ৯টার পর থেকেই তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণের পর তাঁকে একটি অন্ধকার নির্জন কক্ষে সার্বক্ষণিক চোখ ও হাত বেঁধে আটকে রাখা হতো এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। ঘটনার পরদিন ২৫ অক্টোবর ভোরে অপহরণকারীরা মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে পরিবারের সদস্যরা বিকাশে ও নগদে ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু মুক্তিপণের টাকা নেওয়ার পরও তাঁকে ছেড়ে না দিয়ে উল্টো মুঠোফোন, ই-মেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের গোপন পিন হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি।

সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় একটি গাড়ি থেকে কালিয়াকৈর-নবীনগর সড়কের মির্জাপুর এলাকায় রিদয়নকে ফেলে যায় অপহরণকারীরা। মঙ্গলবার সকালে সেখান থেকে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছে এক পাঠাও চালকের ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খবর পেয়ে স্বজনেরা স্মৃতিসৌধের সামনে গিয়ে তাঁকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে আসেন। দীর্ঘদিনের অনাহার ও মানসিক নির্যাতনে তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকের শরণাপন্ন হয়েছে পরিবার।

এর আগে এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং র‍্যাব-৩-এর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এ ছাড়া তাঁকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের দাবিতে গত সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।


Link Copied