সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

reporter

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ


উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে ধারণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম।

এ ছাড়া রাজনৈতিক ও উদ্যোক্তা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক, সফল উদ্যোক্তা আব্দুল্লাহ নুর ফারুক, শারমিন আক্তার এবং ফজলুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজের মেধা ও শ্রমকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। কেবল চাকরির পেছনে না ছুটে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও আর্থিক সহায়তাকে কাজে লাগিয়ে আত্মকর্মী হিসেবে আত্মপ্রকাশ করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যোক্তাদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ৬ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন যুব কর্মী ও সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


Link Copied