
মান্দায় হাট উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬, ০৯:২৩ অপরাহ্ণ

নওগাঁর মান্দার বৈদ্যপুর হাটের উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত সাড়ে ৯ লাখ টাকা নামমাত্র কাজে ব্যয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভালাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদাররা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাটবাজার ব্যবস্থাপনা কমিটির গত ৯ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে বৈদ্যপুর হাটের উন্নয়নের জন্য ৯ লাখ ৩৫ হাজার ৮৬২ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থে মোট চারটি প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন ৩ লাখ টাকা, সড়ক সিসিকরণ ও স্ল্যাব নির্মাণ ৩ লাখ টাকা,ছাউনি ও নলকূপ স্থাপণ ৩ লাখ টাকা ও দুটি ডাস্টবিনের জন্য ৩৫ হাজার ৮৬২ টাকা।
সরেজমিনে দেখা যায়, হাটে সিসিটিভি ক্যামেরা ও নামমাত্র কিছু কাজ করা হলেও এর মান অত্যন্ত নিম্নমানের। পানপট্টি গলি ও কাঁচাবাজারের বিভিন্ন স্থাপনা ও রাস্তার ঢালাই অত্যন্ত দায়সারাভাবে করা হয়েছে। এছাড়া তরকারি বাজারে একটি নলকূপ স্থাপন করা হলেও চালুর মাত্র কয়েকদিনের মধ্যেই তা অকেজো হয়ে পড়ে আছে। ডাস্টবিন দুটি কেনার কথা থাকলেও বাস্তবে মাত্র একটি প্লাস্টিক বক্স দেখা গেছে। কাজের তুলনায় অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
বৈদ্যপুর হাটের ইজারাদার হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, সরকারি বরাদ্দের অর্থ দিয়ে হাটের জায়গা দখল করে একটি টিনের দোকানঘর নির্মাণ করেছেন ইউপি চেয়ারম্যান। পরে সেই ঘরটি হায়দার আলী নামের এক সুতা ব্যবসায়ীর কাছে মাসিক ৬০০ টাকা ভাড়ায় দেওয়া হয় এবং জামানত হিসেবে নেওয়া হয় ৫০ হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, হাটের বিভিন্ন স্থানে দোকানঘর তুলে ব্যবসায়ীদের কাছ থেকে জামানত বাবদ ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং মাসিক ভাড়া আদায় করা হচ্ছে। তবে এই টাকা সরকারি কোষাগারে জমা হয় কি না, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরের যথাযথ তদারকির অভাবেই এমন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
সমস্ত অভিযোগ অস্বীকার করে ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, “প্রকল্পের কাজে কোনো অনিয়ম হয়নি, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া দোকানঘরের জামানতের টাকাও ইউনিয়ন পরিষদের তহবিলে জমা দেওয়া হয়েছে।”
প্রকল্প তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের জানান, নিয়ম অনুযায়ী কাজ সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার পরেই প্রকল্প সভাপতির অনুকূলে অর্থ ছাড় দেওয়া হয়েছে।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















