মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন

reporter

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ণ


গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক খোঁজখবর নিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার গজারিয়া, রসূলপুর, কালীতলা, ভবেরচর, বাউশিয়া, জামাল্দী ও হোসেন্দী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, মাসুদ ফারুক ও আহসান উল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রিয়াজ, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর গজারিয়া উপজেলার বিভিন্ন স্থায়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। উৎসবকে ঘিরে উপজেলার মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উপজেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানানো হয়, উৎসবটি নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সম্প্রীতির আবহে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।


Link Copied