
পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ

পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগের অংশ হিসেবে ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন করছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ডাম্প ট্রাক প্রদান, পরিচ্ছন্নতার উপকরণ, পরিবেশবান্ধব সোলারসহ বৈদ্যুতিক উপকরণ দেয়া হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
গত শনিবার (২৮ নভেম্বর) পূর্বাচলের পিওএইচএস-১-এ আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) জনাব মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং পিওএইচএস-১-এর প্রতিনিধি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এ কে এম মাহফুজুল হক। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ও কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি ব্যাংকের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা কেবল কোনো একক প্রতিষ্ঠান বা সংস্থার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত অঙ্গীকার। পরিবেশ সুরক্ষা, নাগরিক সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধকে উৎসাহিত করার লক্ষ্যেই কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি প্রজেক্ট’। এ ধরনের উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই নগর গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
ব্যাংকের পরিচালক জনাব মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), তাঁর বক্তব্যে আবাসিক এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলদেশ পুলিশ প্রধান ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে পিওএইচএস-১-এর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সহায়তার লক্ষ্যে ডাম্প ট্রাকের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কমিউনিটি ব্যাংক বিশ্বাস করে, আর্থিক সেবার পাশাপাশি পরিবেশ সুরক্ষা, সামাজিক কল্যাণ এবং টেকসই কমিউনিটি গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করাও একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। ‘ক্লিন সিটি প্রজেক্ট’-এর মাধ্যমে পরিচ্ছন্ন নগর, সবুজ পরিবেশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার সম্মিলিত প্রচেষ্টায় অবদান রাখতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।





















