রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

যৌতুক হিসেবে গাড়ি দাবি বরের, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙল কনেপক্ষ

reporter

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ


যৌতুক হিসেবে গাড়ি দাবি বরের, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙল কনেপক্ষ

যৌতুক হিসেবে একটি গাড়ি দাবি করেছিল বরপক্ষ। কনের পরিবার বরের বাবার হাতে খেলনা গাড়ি তুলে দিয়ে ভেঙে দিয়েছে বিয়ে। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। বরের বাবার হাতে কনে পক্ষের লোকজনের খেলনা গাড়ি তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবার শনিবার ঐতিহ্যবাহী বিয়ের আমন্ত্রণ রীতি ‘লাল খত’ অনুষ্ঠানের জন্য বরের আত্মীয়দের আমন্ত্রণ জানায়। যেখানে কনের পরিবার আনুষ্ঠানিকভাবে বরের পরিবার এবং প্রায়ই সমাজের অতিথিদের আমন্ত্রণ জানিয়ে থাকে। কিন্তু কনেপক্ষ বরপক্ষকে সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত বসিয়ে রাখার পর হাতে একটি খেলনা গাড়ি তুলে দেয় এবং বিয়ে বাতিলের ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কনেপক্ষের সদস্যদের বরের বাবাকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘‘আপনাদের মানুষের প্রয়োজন ছিল না, আপনাদের গাড়ির প্রয়োজন ছিল। আমরা আপনাদের একটি স্করপিও (খেলনা গাড়ি) দিয়েছি, এখন এটি চালান।’’

উত্তরপ্রদেশের মিরাটের জ্ঞানপুর গ্রামে চাঞ্চল্যকর ওই ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুরের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে সালোনা গ্রামের ওই তরুণীর বিয়ে ঠিক হয়। বাগদানের সময় কনের পরিবার বরের পরিবারকে যৌতুকের সামগ্রী ও নগদ ১ লাখ রুপি দিয়েছিল। শনিবার কনের বাড়িতে ‘লাল খত’ অনুষ্ঠান হওয়ার কথা ছিল এবং পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বরের পরিবার সেখানে উপস্থিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবার কয়েক দিন আগে একখণ্ড জমি বিক্রি করে। জমি বিক্রির খবর জানার পর বরের পরিবার যৌতুক হিসেবে একটি গাড়ি দাবি করে। কনের পরিবার গাড়ি দিতে পারবে না বলে বরপক্ষের লোকজনকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু আলোচনায় বিষয়টির সমাধান হয়নি। এর পরপর শনিবার ‘লাল খত’ অনুষ্ঠানের জন্য বরের পরিবারকে আমন্ত্রণ জানায় কনেপক্ষ।

পরে সেদিন বরের পরিবারকে সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত অপেক্ষায় রাখে কনেপক্ষ। এরপর কনের পরিবার বরের বাবার হাতে একটি প্লাস্টিকের খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দেয়।

ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে থাকা এক ব্যক্তির হাতে কয়েকজন মানুষ একটি খেলনা গাড়ি তুলে দিচ্ছেন। কনেপক্ষের একজন সদস্যকে বলতে শোনা যায়, তাদের মানুষের নয়, গাড়ির দরকার ছিল এবং চালানোর জন্য তাদের একটি স্করপিও দেওয়া হয়েছে।

তিনি বলেন, বরের পরিবার সকালে এসেছিল এবং এখন রাত ১০টা বাজে। তাদের দাবি করা গাড়িটি দিয়ে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাগদান ও বিয়ে বাতিল করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

aliul / aliul

Link Copied