রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

৪৮ ঘণ্টার অবরোধে কার্যত অচল টুঙ্গিপাড়া, সড়কে আ.লীগের নেতাকর্মীরা

reporter

বি এম শামীম, টুঙ্গীপাড়া

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০১:১৭ অপরাহ্ণ


৪৮ ঘণ্টার অবরোধে কার্যত অচল টুঙ্গিপাড়া, সড়কে আ.লীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনেই কার্যত অচল হয়ে পড়েছে উপজেলার সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে দোকানপাট ও যানবাহন চলাচল। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) রাত ১২টার পর থেকে শুরু হওয়া অবরোধে সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। নিলফা বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড, জিটি স্কুলের সামনে, নতুন বাজার, মল্লিকের মাঠ, সিঙ্গিপাড়া ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের সড়কেও গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করা হয়।

এ ছাড়া বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কর্মীরাও এতে অংশ নেন। শরীয়তপুরের পদ্মা সেতু প্রান্তে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম নিহতের প্রতিবাদে তাঁরা ‘আমার ভাই ইব্রাহিম মরল কেন, জবাব চাই’ স্লোগান দেন।

অবরোধের প্রথম দিন রোববার দুপুর পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।

অবরোধের কারণে সাধারণ মানুষের চলাচল, পণ্য পরিবহন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ৪৮ ঘণ্টার কর্মসূচিকে ঘিরে পুরো উপজেলায় অচলাবস্থা বিরাজ করছে।

বি এম শামীম, টুঙ্গীপাড়া / এমএসএম

Link Copied