রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

জরাজীর্ণ শেড, দখল ও আবর্জনায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী ঘিওর হাট

reporter

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০১:১০ অপরাহ্ণ


জরাজীর্ণ শেড, দখল ও আবর্জনায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী ঘিওর হাট

দীর্ঘ ২৯ বছর ধরে মেরামত না করায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর হাট ও বাজারের অন্তত ১০ থেকে ১২টি টিনশেড ঘর জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি অবৈধ দখল, যানজট ও যত্রতত্র ময়লা-আবর্জনার দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। ফলে পাট, ধান, ভুট্টা, সরিষা ও নৌকার জন্য প্রসিদ্ধ জেলার বৃহত্তম এ হাটটি তার ঐতিহ্য ও জৌলুস হারাতে বসেছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের শুরুর দিকে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে ঘিওর পুরাতন গরু হাটায় একটি কসাইখানা ও একটি মাছবাজারের টিনশেড ঘর নির্মাণ করা হয়। এ ছাড়া কাঁচাবাজারে একটি, মাছবাজারে চারটি ও ধানহাটায় দুটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কারের অভাবে ধানহাটা ও কাঁচাবাজারের ঘরগুলো সম্পূর্ণ ভেঙে গেছে এবং পুরাতন গরু হাটার কসাইখানা ও মাছবাজারের শেডগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙাচোরা শেডের কারণে বর্ষায় বৃষ্টিতে ভিজে ও শুষ্ক মৌসুমে রোদে পুড়ে বেচাকেনা করতে হচ্ছে ব্যবসায়ীদের।

ব্যবসায়ীদের অভিযোগ, মিষ্টিপট্টি ও কাপড়হাটার চান্দিনা ভিটিগুলো ভেঙে যাওয়ার পাশাপাশি একশ্রেণির ব্যবসায়ী তা দখল করে রেখেছেন, অনেকে আবার ভাড়া দিচ্ছেন। মধ্যবাজারে মিল কাপড়ের ও গুড়হাটার ঘরগুলোও নামে-বেনামে দখল হয়ে যাচ্ছে। দীর্ঘদিন আগে চান্দিনা ভিটি বন্দোবস্ত ও লিজ দেওয়ায় বাজারের আয়তন কমে যাওয়ার সুযোগে ঘিওর বাসস্ট্যান্ড, চালবাজার, ফলহাট, তরকারি বাজার, কাঠপট্টি ও কফিলউদ্দীন দরজি সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে প্রতি বুধবার হাটের দিন দোকানপাট বসানো হয়। দোকানের বর্ধিত অংশে চৌকি বসিয়ে ব্যবসা করায় হাটের দিন যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

এ ছাড়া ভুষিপট্টি, বাসস্ট্যান্ড, কাঁচাবাজার ও মাছবাজার এলাকায় ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে চলাচল দায় হয়ে পড়েছে। নিয়মিত ট্যাক্স, পাহারার চাঁদা ও সুইপার ট্যাক্স আদায় করা হলেও সপ্তাহে মাত্র একদিন নামমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। বাজারে পর্যাপ্ত ডাস্টবিন, নলকূপ ও গণশৌচাগার না থাকায় এবং থাকা দু-একটি শৌচাগার ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

বাজারের ঐতিহ্য ধরে রাখতে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং জরাজীর্ণ শেড ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা। এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম বলেন, তিনি ঘিওর বাজার পরিদর্শন করেছেন এবং দ্রুত জরাজীর্ণ শেডগুলো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

Link Copied