
পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, জেরে সাবেক এমপি আহমদ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা থেকে ১১টার মধ্যে দফায় দফায় এ সহিংসতার ঘটনা ঘটে। এর আগে হামলার ঘটনায় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বড়রূহী গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই বিক্ষুব্ধ জনতা বড়রূহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়।
এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে কারাবন্দী আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়িটির অন্তত পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মুঠোফোনে অভিযোগ করেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিত এসে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিল। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করে। এর জেরে উত্তেজিত জনতা প্রথমে রফিক নামের ওই যুবলীগ নেতার বাড়িতে এবং পরে সাবেক এমপি আহমদ হোসেনের বাড়িতে আগুন দিলে পাঁচ-ছয়টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত তা তাঁর জানা নেই উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ ধরনের তৎপরতা থেকে বিরত ও শান্ত থাকার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।



















