
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট ১৮৩ বোতল মাদকসহ নারী আটক, স্বামী পলাতক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশেষ অভিযানে ১৮৩ বোতল মাদকদ্রব্য ও দুটি মোবাইল ফোনসহ মোসাঃ মাহিরন বেগম (৩৯) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী। তবে অভিযানের টের পেয়ে তার স্বামী ও মূল অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাকিউল হক (৩৯) পালিয়ে যান।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ভোলাহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামুশা এলাকায় মোসাঃ মাহিরন বেগমের স্বামী মোঃ শাকিউল হকের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে শাকিউল হক (পিতা-মোঃ মার্জেন আলী, মাতা-মোসাঃ শহিনুর বেগম) আগেই সটকে পড়েন। পরে ঘটনাস্থল থেকে তার স্ত্রী মাহিরন বেগমকে (মাতা-মোসাঃ আশমা বেগম) আটক করা হয়।
আটকের পর মাহিরন বেগমের দেওয়া তথ্য ও দেখানো মতে বসতবাড়ির শয়নকক্ষে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি এবং ১ বোতল ফেন্সিডিল (মোট ১৮৩ বোতল ফেন্সিডিল-জাতীয় মাদক) উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে এসআরবি জানতে পেরেছে, অভিযুক্ত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় জব্দকৃত মাদক ও মোবাইল ফোনসহ আটক নারীকে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক স্বামী ও আটক স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।



















