
কবিরহাটে মাদকবিরোধী ক্যাম্পেইনে তরুণদের সোচ্চার ভূমিকা, পরিবার ও সমাজকে রক্ষার আহ্বান
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ

‘মাদক থেকে দূরে থাকুন, নেশামুক্ত সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে মাদকবিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ধানসিঁড়ি ইউনিয়ন ভিডিপি বাজার সচেতন যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
উত্তর জগদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুর আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার সেকেন্ড অফিসার (এসআই) সুমন দে, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম আবুল খায়ের, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ সালাম, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ভিডিপি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ছালেহ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের আমির মাওলানা ইব্রাহিম খলিল, উত্তর জগদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুদ্দিন এবং কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ইব্রাহিম খলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া ভিডিপি বাজার সচেতন যুব সমাজের সভাপতি মো. আনোয়ার হোসেন (আজাদ) ও সাধারণ সম্পাদক মো. হোসাইন রাজুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্যে বলা হয়, “মাদকের ভয়াল থাবায় আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে যুবসমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আমরা শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে প্রতিটি পাড়া-মহল্লায় সচেতনতা তৈরি করতে চাই, যাতে কেউ মাদকের ছোবলে ক্ষতিগ্রস্ত না হয়।”
অতিথিদের বক্তব্যে উল্লেখ করা হয়, “মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না; তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়—প্রত্যেক অভিভাবক ও সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। পরিবারের কেউ মাদকের সাথে জড়িত থাকলে তা লুকিয়ে না রেখে সংশোধন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে হবে।”
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিত উদ্যোগ জরুরি। ক্যাম্পেইন শেষে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এম/এস/এন



















