
চায়ের দোকানে শিলং তীর জুয়ার আসর, গোয়াইনঘাট পুলিশের অভিযানে গ্রেফতার ২
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটে শিলং তীর জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একাধিক নম্বর লেখা মুড়ি বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন পালিয়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জসিম উদ্দিনের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তিতারাই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে জসিম উদ্দিন (৪২) এবং পূর্ণানগর উত্তর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে মোশারফ (৩১)। উভয়ই গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমান ও এসআই (নিঃ) সুবিনয় বৈদ্য সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শিলং তীর জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ইউসুফ (৪০), যার বাড়ি রাধানগর এলাকায়, কৌশলে পালিয়ে যায়।
অভিযানস্থল থেকে গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন নম্বর লেখা একাধিক মুড়ি বই উদ্ধার করা হয়। পরে রাত ৮টা ৩৫ মিনিটে এসব আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ২৮ নভেম্বর মামলা নং-২৫ দায়ের করা হয়েছে। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০ ধারায় রুজু করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে শনিবার (২৮ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক
জানান, শিলং তীর জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।



















