শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

নব্বই থেকে চব্বিশ: গণঅভ্যুত্থানের চেতনা, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ?

reporter

মোহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ


নব্বই থেকে চব্বিশ: গণঅভ্যুত্থানের চেতনা, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ?

‎আজ ২৭ নভেম্বর। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপনীত হয়েছিল, যেখান থেকে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন কার্যত অনিবার্য হয়ে ওঠে।

‎দিনটির সঙ্গে আমার ব্যক্তিগত স্মৃতিও গভীরভাবে জড়িয়ে রয়েছে। শহীদ ডা. শামসুল আলম মিলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন টিএসসি এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন, আমি তখন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের ভেতরেই ছিলাম। সেই মর্মান্তিক ঘটনা আমাদের চোখের সামনেই ঘটেছিল। সেদিনের সেই আতঙ্ক, ক্ষোভ, উত্তেজনা এবং স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিবাদ আজও আমার স্মৃতিতে অম্লান। দীর্ঘ ৩৬ বছর অতিবাহিত হলেও সেই রক্তাক্ত দিনের স্মৃতি আমাকে আজও গভীরভাবে আলোড়িত করে।

‎সেদিন ডা. মিলনের আত্মত্যাগ শুধু একটি হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের জন্ম দেয়নি; বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত জনরোষকে একটি চূড়ান্ত গণপ্রতিরোধে রূপান্তরিত করেছিল। জরুরি অবস্থা জারি করেও এরশাদ সরকার শেষ রক্ষা করতে পারেনি। ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর—এই দশটি অগ্নিগর্ভ দিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনগণের সম্মিলিত শক্তির কাছে স্বৈরশাসনের পরাজয়ের এক অবিস্মরণীয় অধ্যায়।

‎আজ সেই ইতিহাসের দিকে ফিরে তাকালে প্রশ্ন জাগে—আমরা কি সত্যিই নব্বইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছি? নাকি বারবার শাসকের পরিবর্তন ঘটলেও শাসনের অগণতান্ত্রিক চরিত্র পরিবর্তন করতে ব্যর্থ হয়েছি?

‎বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আন্দোলন, সংগ্রাম ও গণঅভ্যুত্থানের অভাব নেই। অভাব রয়েছে গণঅভ্যুত্থানের অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার রাজনৈতিক সততা, দূরদর্শিতা ও জাতীয় অঙ্গীকারের।

‎বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব ও আপসহীন সংগ্রাম-

‎বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব এক বিশেষ মর্যাদার দাবি রাখে। আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর রাজনৈতিক দৃঢ়তা, সাহসিকতা এবং আপসহীন অবস্থান তাঁকে গণতন্ত্রকামী মানুষের কাছে এক অনন্য রাজনৈতিক প্রতীকে পরিণত করেছিল।

‎১৯৮৬ সালে এরশাদ সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে তিনি ক্ষমতার অংশীদারত্বের পরিবর্তে রাজপথের সংগ্রামকে বেছে নিয়েছিলেন। রাজনৈতিক প্রলোভন ও প্রতিকূলতার মুখেও তাঁর এই নীতিগত অবস্থান পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্বের গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করেছিল।

‎নব্বইয়ের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সাতদলীয় জোট, শেখ হাসিনার নেতৃত্বাধীন আটদলীয় জোট এবং বামপন্থী পাঁচদলীয় জোটের সম্মিলিত আন্দোলন একটি ঐতিহাসিক জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছিল।

‎তিন জোটের রূপরেখা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। সেখানে শুধু স্বৈরশাসকের পদত্যাগের দাবি ছিল না; ছিল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রত্যাবর্তনের সুস্পষ্ট অঙ্গীকার।

‎এরশাদ সরকার যখন বিভিন্ন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার কিংবা নিরাপদ প্রস্থানের পথ খুঁজছিল, তখন বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

‎১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং পরবর্তী সময়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংসদীয় সরকারব্যবস্থায় প্রত্যাবর্তন ছিল বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ অর্জন।

‎বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের এই অধ্যায় আমাদের শিক্ষা দেয়, একজন রাজনৈতিক নেতার প্রকৃত শক্তি শুধু ক্ষমতা অর্জনের দক্ষতায় নয়; বরং জাতীয় সংকটে নীতিগত অবস্থান গ্রহণ, জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা এবং প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ় থাকার মধ্যেই নিহিত।

‎একই সঙ্গে ইতিহাসের প্রতি সুবিচার করতে হলে স্বীকার করতে হবে, নব্বইয়ের গণঅভ্যুত্থান ছিল রাজনৈতিক নেতৃত্ব, ছাত্রসমাজ, পেশাজীবী এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রামের ফসল।

‎

‎সাংবাদিক সমাজের ঐতিহাসিক অবদান: স্বৈরাচারের বিরুদ্ধে কলমের বিদ্রোহ-

‎নব্বইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশের সাংবাদিক সমাজের সাহসী ভূমিকার স্বীকৃতি ছাড়া কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না।

‎

‎২৭ নভেম্বর ডা. মিলনের হত্যাকাণ্ড এবং জরুরি অবস্থা জারির পর সাংবাদিক সমাজ যে ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করেছিল, তা স্বৈরাচারবিরোধী আন্দোলনের গতিপথকে আরও ত্বরান্বিত করেছিল।

‎

‎জরুরি অবস্থা প্রত্যাহার না করা পর্যন্ত সাংবাদিকদের কর্মবিরতি এবং সংবাদপত্র প্রকাশ বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে এক অসাধারণ নৈতিক ও পেশাগত প্রতিরোধ। সংবাদপত্রের মালিকদের সমর্থন এই আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল।

‎

‎তৎকালীন জাতীয় প্রেস ক্লাবকে বলা হতো, ‘An island of democracy in the ocean of autocracy’—অর্থাৎ স্বৈরাচারের মহাসমুদ্রে গণতন্ত্রের একটি দ্বীপ।

‎

‎সেদিন সাংবাদিকেরা প্রমাণ করেছিলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; জাতীয় সংকটে এটি জনগণের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান।

‎

‎আজকের সাংবাদিক সমাজের সামনে তাই একটি গুরুত্বপূর্ণ আত্মজিজ্ঞাসা রয়েছে—নব্বইয়ের সেই পেশাগত সাহস, নৈতিক দৃঢ়তা, ঐক্য এবং স্বাধীন সাংবাদিকতার আদর্শ আমরা কতটা ধারণ করতে পেরেছি?

‎

‎গণমাধ্যম যখন ক্ষমতার প্রশংসায় ব্যস্ত থাকে, সাংবাদিকতা যখন দলীয় আনুগত্যের কাছে আত্মসমর্পণ করে এবং সত্য প্রকাশ যখন রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন গণতন্ত্রের অন্যতম প্রধান রক্ষাকবচ দুর্বল হয়ে যায়।

‎

‎সাংবাদিকতার কাজ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানো নয়। সাংবাদিকতার মৌলিক দায়িত্ব হলো সত্য প্রকাশ, জনগণের অধিকার রক্ষা এবং ক্ষমতাকে জবাবদিহির আওতায় নিয়ে আসা।

‎

‎সরকার পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার নৈতিক অবস্থান পরিবর্তিত হতে পারে না। পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় গেলে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা আর অপছন্দের দল ক্ষমতায় থাকলে গণতন্ত্রের পক্ষে সোচ্চার হওয়া—কোনোটিই স্বাধীন সাংবাদিকতার আদর্শ হতে পারে না।

‎

‎নব্বই ও চব্বিশের গণঅভ্যুত্থান: ইতিহাসের পুনরাবৃত্তি কেন?

‎১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

‎

‎দুটি গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট, নেতৃত্ব ও আন্দোলনের ধরন ভিন্ন হলেও উভয়ের মধ্যে একটি মৌলিক মিল রয়েছে—কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ এবং অধিকার, মর্যাদা ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা।

‎

‎নব্বইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশকে স্বৈরশাসন থেকে নির্বাচনি গণতন্ত্রে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিল। অন্যদিকে চব্বিশের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, ক্ষমতার কেন্দ্রীকরণ, নির্বাচনব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে সংকট, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং নাগরিক স্বাধীনতা সংকুচিত হওয়ার প্রেক্ষাপটে।

‎

‎শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, বিরোধী দলের রাজনৈতিক অধিকার, জনগণের ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যে গভীর সংকট সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন শেষ পর্যন্ত একটি বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল।

‎

‎কিন্তু প্রশ্ন হলো, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মাত্র ৩৪ বছরের ব্যবধানে কেন বাংলাদেশকে আবারও একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেতে হলো? কেন একটি স্বাধীন দেশের জনগণকে বারবার ভোটাধিকার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক স্বাধীনতার জন্য রাজপথে রক্ত দিতে হয়?

‎

‎এর উত্তর নিহিত রয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্যে।

‎

‎আমরা শাসক পরিবর্তন করেছি, কিন্তু শাসনব্যবস্থার মৌলিক সংস্কার করতে পারিনি। আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু স্বৈরাচার জন্ম নেওয়ার রাজনৈতিক, সাংবিধানিক ও প্রশাসনিক পথগুলো স্থায়ীভাবে বন্ধ করতে পারিনি।

‎

‎আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি বড় দুর্বলতা হলো, ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্রের কথা বলা হলেও ক্ষমতায় যাওয়ার পর অনেক ক্ষেত্রেই গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষিত হয়। বিরোধী দলে থাকাকালে যে অধিকার দাবি করা হয়, ক্ষমতায় গিয়ে সেই একই অধিকার রাজনৈতিক প্রতিপক্ষকে দিতে অনীহা দেখা যায়।

‎

‎এই দ্বিচারিতার অবসান না ঘটলে গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থান ঘটবে, শাসকের পরিবর্তন হবে, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র অধরাই থেকে যাবে।

‎

‎নব্বই ও চব্বিশের গণঅভ্যুত্থানকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করাও ইতিহাসের প্রতি সুবিচার নয়। একটি আন্দোলনের গুরুত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য আন্দোলনের অবদানকে অস্বীকার করা জাতীয় রাজনৈতিক সংকীর্ণতার বহিঃপ্রকাশ।

‎

‎ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান—প্রতিটি বাংলাদেশের জাতীয় ইতিহাসের স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায়।

‎গণঅভ্যুত্থানের বিজয় কোনো ব্যক্তি, পরিবার, রাজনৈতিক দল কিংবা বিশেষ গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এর প্রকৃত মালিক বাংলাদেশের জনগণ।

‎সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক করণীয়-

‎২০২৬ সালের বাংলাদেশের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হলো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রূপান্তর করা।

‎স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তরাধিকার দাবি করা সহজ; কিন্তু রাষ্ট্রক্ষমতায় থেকে গণতান্ত্রিক আচরণ করা অনেক কঠিন। কোনো রাজনৈতিক দল অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে বলেই ভবিষ্যতে তার সব কর্মকাণ্ড গণতান্ত্রিক হবে, এমন নিশ্চয়তা নেই। একইভাবে কোনো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের ওপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার অধিকার অর্জন করে না।

‎

‎নব্বইয়ের তিন জোটের ঐতিহাসিক রূপরেখা থেকে শিক্ষা নিয়ে আজকের রাজনৈতিক নেতৃত্বকে জাতীয় স্বার্থে একটি কার্যকর গণতান্ত্রিক ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে।

‎

‎রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, মতাদর্শগত পার্থক্য থাকবে, সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক থাকবে। কিন্তু জনগণের ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রশ্নে কোনো আপস থাকতে পারে না।

‎

‎রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর সাংবিধানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারত্ব ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎

‎রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। অতীতের অপরাধের বিচার যেমন অপরিহার্য, তেমনি সেই বিচারের নামে নতুন কোনো অন্যায় সংঘটিত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

‎

‎রাজনৈতিক দলগুলোর নিজেদের অভ্যন্তরেও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা জরুরি। যে রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, সেই দল রাষ্ট্র পরিচালনায় কতটা গণতান্ত্রিক হতে পারবে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

‎

‎বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মতো মৌলিক বিষয়গুলোকে সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।

‎

‎মনে রাখতে হবে, গণতন্ত্র শুধু একটি রাজনৈতিক ব্যবস্থা নয়; এটি একটি রাজনৈতিক সংস্কৃতি। সেই সংস্কৃতির ভিত্তি হলো সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, ন্যায়বিচার এবং জনগণের কাছে ক্ষমতার জবাবদিহি।

‎

‎আর কত গণঅভ্যুত্থানের প্রয়োজন হবে?

‎আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. শামসুল আলম মিলন দিবস। এই দিনটি আমার কাছে শুধু একটি ঐতিহাসিক দিবস নয়; এটি আমার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে থাকা এক বেদনাবিধুর স্মৃতি।

‎

‎সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে অবস্থানকালে ডা. মিলনের গুলিবিদ্ধ হওয়ার সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ ছিল গণতান্ত্রিক, মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন।

‎

‎৩৬ বছর পর আজও যখন গণতন্ত্র, সুশাসন ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে আমাদের সংগ্রাম করতে হয়, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে—আমাদের রাজনৈতিক নেতৃত্ব ইতিহাস থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করেছে?

‎

‎আর কতবার গণতন্ত্রের জন্য ছাত্র-জনতাকে রাজপথে নামতে হবে? আর কত মায়ের বুক খালি হলে রাজনৈতিক নেতৃত্ব উপলব্ধি করবে যে রাষ্ট্রক্ষমতা কোনো ব্যক্তি, পরিবার কিংবা রাজনৈতিক দলের চিরস্থায়ী সম্পত্তি নয়?

‎

‎বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক সংগ্রাম, সাংবাদিক সমাজের ঐতিহাসিক প্রতিরোধ, শহীদ ডা. মিলনের আত্মত্যাগ এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রকৃত তাৎপর্য তখনই প্রতিষ্ঠিত হবে, যখন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম নেওয়ার সুযোগ থাকবে না।

‎আমাদের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সরকার পরিবর্তনের জন্য আর কোনো গণঅভ্যুত্থানের প্রয়োজন হবে না; যেখানে ব্যালটের শক্তি বুলেটের চেয়ে অধিক কার্যকর হবে; যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে নয়, গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করা হবে।

‎স্বৈরাচারের পতন একটি রাজনৈতিক বিজয়; কিন্তু স্বৈরাচারের পুনর্জন্ম ঠেকানোই একটি জাতির প্রকৃত গণতান্ত্রিক সাফল্য।

‎বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মূলমন্ত্র হোক—শুধু ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতার চরিত্রের পরিবর্তন।

‎লেখক পরিচিতি:

‎আন্তর্জাতিক ভূ-রাজনীতি, জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতি বিষয়ক বিশ্লেষক, গবেষক ও কলামিস্ট। 

‎২৭ নভেম্বর ২০২৬।

এমএসএম / এমএসএম

Link Copied