শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

বাউফল পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ

reporter

এম মনিরুজ্জামান হিরোন

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ


বাউফল পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে অসহযোগিতা, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও ফোনে সাড়া না দেওয়ার অভিযোগ তুলেছেন দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম চৌধুরী।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আলী আজম চৌধুরী অভিযোগ করেন, ডিজিএমের অসহযোগিতামূলক আচরণ ও গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া অপর একটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন প্রয়োজনে একাধিকবার ফোন করেও বাউফল পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আজিজুল ইসলামকে পাওয়া যায়নি। এতে গ্রাহকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
এদিকে, তাঁর ওই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও স্থানীয় অনেক গ্রাহক ডিজিএম মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে নানা ভোগান্তি ও অসদাচরণের অভিযোগ তুলে ধরেন।
গ্রাহকসেবা স্বাভাবিক রাখতে এবং উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন মো. আলী আজম চৌধুরী।
তবে এসব অভিযোগের বিষয়ে জানার জন্য বাউফল পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আজিজুল ইসলামের মুঠোফোনে (০১৭৬৯৪০০২৪৬) একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এম মনিরুজ্জামান হিরোন / এমএসএম

Link Copied