
কয়রায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার; যুবদল নেতা আটক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ

খুলনা জেলার কয়রায় সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র, গোলাবারুদ ও খাদ্য সরবরাহের অভিযোগে যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) এবং আব্দুর রহিম (২৬)।
এসআরবি-৬ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। সে দীর্ঘদিন জলদস্যুদের বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
এছাড়া হাফিজুর রহমান সুন্দরবনের জলদস্যুদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কেও তথ্য দিতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজন এবং পলাতক সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
এসআরবি-৬ এর লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া সুন্দরবনে জলদস্যু দমনে আমরা তৎপর রয়েছি।



















