
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক পৈতৃক জমি দখল চেষ্টার অভিযোগ, বৃদ্ধের সংবাদ সম্মেলন
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় পৈতৃক ও খরিদকৃত জমি জবরদখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ৭৯ বছর বয়সী বৃদ্ধ মো. নুরুন নবী। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) পেকুয়া উপজেলার মগনামা শরৎ ঘোনা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। মো. নুরুন নবী মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরৎঘোনা এলাকার মৃত সুজায়েত আলীর ছেলে।
লিখিত বক্তব্যে নুরুন নবী জানান, তারা তিন ভাই ওয়ারিশসূত্রে এবং পারিবারিকভাবে ক্রয় করা জমির মালিক। দীর্ঘদিন ধরে তারা এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু বর্তমানে ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে জবরদখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।
তিনি অভিযোগ করেন, জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে দেওয়ানি আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলায় তিনি ও তাঁর ভাই মোজাহের মিয়া বাদী হয়ে মামলা করেছেন। অপরদিকে বিবাদীপক্ষও পাল্টা মামলা দায়ের করেছে। বর্তমানে সংশ্লিষ্ট মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে নুরুন নবী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী এবং তাঁর অনুসারী নাজেম উদ্দিন,আজিম উদ্দিন ও শওকত ওসমান আদালতের বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছেন। তাঁর দাবি, গত ২৫ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১২টার দিকে বিবাদীপক্ষের লোকজন নিয়ে তাঁদের ভোগদখলীয় লবণ মাঠ জবরদখলের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।
৭৯ বছর বয়সী এই বৃদ্ধ আরও বলেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁকে ও তাঁর পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নুর নবী।
তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
লিখিত বক্তব্যে নুরুন নবী বলেন, একজন আইন মেনে চলা প্রবীণ নাগরিক হিসেবে তিনি আদালতের রায় মেনে নিতে প্রস্তুত। তবে আদালতে বিচারাধীন বিষয়কে পাশ কাটিয়ে প্রভাব খাটিয়ে তাঁর পৈতৃক ও খরিদকৃত সম্পত্তি বেদখল করা যেন না হয়, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
এ সময় তিনি জমি দখলের অপচেষ্টা বন্ধ, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



















