
স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ১৮ বছর পর গ্রেফতার
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর রাতেই তাঁকে সাটুরিয়া থানায় আনা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাঁকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার একরামুল হক রবিন (৪৬) সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে।
সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় সাটুরিয়া থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত রবিনকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুকে রবিন বিয়ে করেন। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। একপর্যায়ে মিতুর পরিবার এক লাখ ১০ হাজার টাকা দিলেও আরও সাড়ে চার লাখ টাকা দাবি করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১৮ জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তাঁর বাবা রফিকুল ইসলামকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০০৯ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় তাঁর বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রবিন বিভিন্ন ছব্দবেশে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।



















