
১৩ হাজার অজ্ঞাতনামা আসামি, গ্রেপ্তার নেই
টুঙ্গিপাড়ায় থানা ও বিজিবির ওপর হামলা, দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও বিজিবি সদস্যদের ওপর হামলা, সরকারি স্থাপনা ও যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৩ হাজার জন অজ্ঞাতনামা। তবে মামলা দুটিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিজিবির পক্ষ থেকে করা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস কালুসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নিলফা (খালেক) বাজার এলাকায় বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। হামলায় বিজিবি সদস্যরা আহত হন। একই সঙ্গে সরকারি যানবাহনে অগ্নিসংযোগ ও সম্পদের ক্ষতিসাধন করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা করে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে করা এ মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
নামীয় আসামিদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামসুল হক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।
থানায় হামলার ঘটনায় থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ বিভিন্ন সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে এবং বিজিবির ওপর হামলার ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলাগুলোর তদন্ত চলছে।























