বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'

প্রাণিসম্পদে অর্থনীতির নতুন শক্তি

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ


প্রাণিসম্পদে অর্থনীতির নতুন শক্তি

দেশের প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা। দুধ, মাংস ও ডিম উৎপাদনে অগ্রগতির পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পুষ্টি নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতিতে বাড়ছে এ খাতের অবদান। অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা বাড়ার সঙ্গে আন্তর্জাতিক বাজারে হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও প্রাণিসম্পদভিত্তিক পণ্য রপ্তানির সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানো, রোগ নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার চ্যালেঞ্জ রয়েছে। এমন প্রেক্ষাপটে 'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল সাড়ে ৯টায় সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ খাতের অর্জন, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হবে। সপ্তাহটি উপলক্ষে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান, প্রযুক্তির ব্যবহার এবং রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। রাষ্ট্রপতি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় জাত সংরক্ষণ, উন্নত প্রজনন প্রযুক্তি, মানসম্মত খাদ্য ও

রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্যের অবস্থান শক্তিশালী করার প্রত্যাশা তুলে ধরেছেন।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ সময়ে খাতটির প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। আর এ খাতের অর্থনৈতিক মূল্য দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা। গবাদিপশু ও পোলট্রি পালন, ডেইরি শিল্প, পশুখাদ্য উৎপাদন, ওষুধ, চিকিৎসাসেবা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনসহ বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে খাতটি দেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি
করেছে। উৎপাদনে অগ্রগতি, দুধে এখনো ঘাটতি: প্রাণিসম্পদ খাতের অগ্রগতি সবচেয়ে বেশি দৃশ্যমান দুধ, মাংস ও ডিম উৎপাদনের পরিসংখ্যানে। ২০২৫-২৬ অর্থবছরে দেশে দুধ উৎপাদন হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার মেট্রিক টন, মাংস উৎপাদন ৯০ লাখ ৭ হাজার মেট্রিক টন এবং ডিম উৎপাদন প্রায় ২ হাজার ৫০৯ কোটি।
একই অর্থবছরে দুধের চাহিদা ছিল ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার টন। উৎপাদন ও চাহিদার মধ্যে ঘাটতি রয়েছে ৫ লাখ ২৬ হাজার টন। অন্যদিকে মাংসের চাহিদা ছিল ৭৮ লাখ ১৪ হাজার টন এবং ডিমের চাহিদা ১ হাজার ৮৫৫ কোটি। ফলে মাংস ও ডিম উৎপাদনে চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকলেও দুধের ক্ষেত্রে দেশ এখনো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি।
এ অবস্থায় দুধ উৎপাদন বাড়াতে উন্নত জাতের গবাদিপশু, আধুনিক খামার ব্যবস্থাপনা, মানসম্মত পশুখাদ্য, উন্নত প্রজনন প্রযুক্তি ও রোগ প্রতিরোধব্যবস্থা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে উৎপাদন খরচ কমানো এবং খামারিদের লাভজনক উৎপাদনে উৎসাহিত করতে কার্যকর সহায়তা দিতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীতে গুরুত্ব: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে বলেছেন, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য।
রাষ্ট্রপতি প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তাঁর মতে, প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খাতটির অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে প্রাণিসম্পদ খাতকে বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন। দুধ, মাংস ও ডিমের জোগানের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ মানুষের আয় বৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন,
রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার প্রত্যাশা জানান। এ জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
রপ্তানি বাজারে সম্ভাবনা, প্রয়োজন আন্তর্জাতিক মান: দেশের অভ্যন্তরীণ বাজারে প্রাণিজ খাদ্যের উৎপাদন ও সরবরাহ বাড়লেও আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদভিত্তিক পণ্য রপ্তানি সম্প্রসারণ এখনো বড় সম্ভাবনার ক্ষেত্র। হালাল মাংস, প্রক্রিয়াজাত মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য, চামড়াজাত পণ্য এবং প্রাণিসম্পদ থেকে উৎপাদিত বিভিন্ন উপপণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।
বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু উৎপাদন বাড়ানো যথেষ্ট নয়। পশু-পাখির রোগ নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক মানের খামার ব্যবস্থাপনা, মানসম্মত পশুখাদ্য, নিরাপদ উৎপাদন, অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পণ্য রপ্তানির জন্য হালাল সনদ, আন্তর্জাতিক মানের পরীক্ষাগার, ট্রেসেবিলিটি, কোল্ড চেইন ও মান নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ানো জরুরি।
খামার থেকে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে পণ্যের গুণগত মান বজায় রাখতে কার্যকর অবকাঠামো ও তদারকি প্রয়োজন। রপ্তানির বাজারে প্রবেশাধিকার অর্জনের পাশাপাশি বিদেশি ক্রেতাদের মানদণ্ড পূরণ এবং ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
খামারিদের বাড়তি ব্যয়, কমছে মুনাফার সুযোগ: প্রাণিসম্পদ খাতের সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের পরিচালন ব্যয়ও বাড়ছে। পশুখাদ্য, পোলট্রি ফিড, ওষুধ, টিকা, বিদ্যুৎ, শ্রমিকের মজুরি ও খামার পরিচালনার অন্যান্য খরচ খামারিদের ওপর চাপ সৃষ্টি করছে।
বিশেষ করে পোলট্রি ও ডেইরি শিল্পে ভুট্টা, সয়াবিন মিলসহ পশুখাদ্যের বিভিন্ন উপাদানের বাজারদর এবং আমদানিনির্ভরতা উৎপাদন ব্যয়কে প্রভাবিত করছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য পরিবর্তন ও সরবরাহ সংকটের প্রভাবও দেশের খামারিদের ওপর পড়ছে। ফলে উৎপাদন বাড়লেও সব খামারির মুনাফা একই হারে বাড়ছে না।
এ ছাড়া অনেক খামারি উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারেন না। পাইকারি ও খুচরা বাজারের মধ্যবর্তী ব্যবস্থার ওপর নির্ভর করতে হয় তাদের। এতে উৎপাদক ও ভোক্তার দামের ব্যবধান তৈরি হয়। পরিবহন, সংরক্ষণ, বিপণন ব্যয় এবং মধ্যস্বত্বভোগীদের মুনাফার কারণে এই ব্যবধান কতটা বাড়ছে, তা পণ্যভিত্তিক বাজার বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।
ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, প্রযুক্তি, বাজারসুবিধা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থিক ঝুঁকিও কমানো সম্ভব। রোগবালাই, প্রাকৃতিক দুর্যোগ ও বাজারদরের আকস্মিক পরিবর্তনে ক্ষতি মোকাবিলায় কার্যকর বীমা এবং ঝুঁকি ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ।
গ্রামীণ কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে প্রাণিসম্পদ: প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক গুরুত্ব শুধু দুধ, মাংস ও ডিম উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামীণ পরিবারগুলোর আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণেও এ খাত ভূমিকা রাখছে। গরু, ছাগল, হাঁস-মুরগি পালনকে কেন্দ্র করে বহু পরিবার বাড়তি আয়ের উৎস তৈরি করেছে। একই সঙ্গে পশুখাদ্য উৎপাদন ও বিপণন, ওষুধ, চিকিৎসাসেবা, পরিবহন, ডেইরি প্রক্রিয়াজাতকরণ, মাংস বিপণন ও সংশ্লিষ্ট শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে নারীদের ঘরে বসে হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের মাধ্যমে আয় করার সুযোগ তাদের অর্থনৈতিক সক্ষমতা ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হচ্ছে। এ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বাড়ানোর সুযোগও রয়েছে। প্রদর্শনী, সেমিনার ও ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক: মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রাণিসম্পদ খাতের অর্জন ও সম্ভাবনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, র‍্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, সচেতনতামূলক কার্যক্রম ও রেসিপি প্রতিযোগিতা। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও সপ্তাহটি পালিত হবে।
প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে। এর মাধ্যমে সফল খামারি, উদ্যোক্তা, প্রযুক্তি উদ্ভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উৎ-সাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের স্বীকৃতি নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিদ্যমান খামারিদের উৎপাদন ও ব্যবস্থাপনায় আরও দক্ষ হতে অনুপ্রাণিত করবে। প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক আকার ৯৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়াকে কৃষিভিত্তিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এই প্রবৃদ্ধির সুফল খামারি ও প্রান্তিক পর্যায়ে পৌছানো, উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী প্রাণিজ খাদ্য সরবরাহের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রত্যাশা, উৎপাদন বৃদ্ধির কর্মসূচির পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যা সমাধান, বিনিয়োগ আকর্ষণ, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন,
মূল্য সংযোজন ও রপ্তানির বাধা দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সমন্বিত পরিকল্পনা, গবেষণা, প্রযুক্তি ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির পাশাপাশি বৈদেশিক বাণিজ্যেও নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

এমএসএম / এমএসএম

Link Copied