
মানবিকতা ও কর্মনিষ্ঠায় বরিশাল সদরে আস্থার নাম ইউএনও ফরিদা সুলতানা
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ

দিন-রাতের হিসাব নয়, সাধারণ মানুষের প্রয়োজনে সাড়া দেওয়াকেই দায়িত্বের অংশ হিসেবে দেখছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই জনসেবামূলক নানা উদ্যোগ, প্রশাসনিক তৎপরতা ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগের মাধ্যমে উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি।
একাধিক উপজেলাবাসী বলেন, গভীর রাতেও জরুরি প্রয়োজনে ফোন করলে সাড়া দেন ইউএনও ফরিদা সুলতানা। সাধারণ মানুষের কথা ধৈর্যসহকারে শোনেন, বিরক্ত না হয়ে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। ফলে অল্প সময়েই স্থানীয় মানুষের কাছে জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
নারী কর্মকর্তা হয়েও মাঠপর্যায়ের দায়িত্ব পালনে পিছিয়ে নেই ফরিদা সুলতানা। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, নদীভাঙন, অবৈধ বালু উত্তোলনসহ স্থানীয় বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখছেন তিনি। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন।
শুধু প্রশাসনিক কার্যক্রমেই সীমাবদ্ধ নন, জনস্বার্থে দীর্ঘদিনের অবহেলিত সম্পদ পুনরুদ্ধারেও উদ্যোগী হয়েছেন তিনি। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা উপজেলা প্রঙ্গনে একটি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন ইউএনও ফরিদা সুলতানা। যেখানে একসময় মাদক সেবনকারীদের আড্ডাখানা ছিলো আজ পুকুরের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রয়েছে। তাঁর এ উদ্যোগ দেশব্যাপী প্রশংসিত হয়েছে। জনস্বার্থে সরকারি ও স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।
চরমোনাই ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকার বাসিন্দা শুক্কুর মিয়া বলেন, “রাতের আঁধারে নদীতে অবৈধ বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে। আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম একাধিকবার অভিযান চালিয়ে তাদের আটক করেছেন। তিনি বদলি হওয়ার পর ভেবেছিলাম, এবার হয়তো অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ থাকবেন না। কিন্তু এখন দেখছি, ইউএনও ফরিদা সুলতানা নিজেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি কাউকে ছাড় দেন না।
এদিকে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী মানতাদের জীবনমান উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ইউএনও। তাদের জন্য গোরস্থানের ব্যবস্থা এবং সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে সহযোগিতামূলক পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তার প্রকৃত সাফল্য কেবল দাপ্তরিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং সমস্যার সমাধানে আন্তরিক হওয়াই জনসেবার মূল পরিচয়। ফরিদা সুলতানার কর্মকাণ্ডে সেই মানবিক ও জনসেবামূলক মনোভাবের প্রতিফলন দেখতে পাচ্ছেন তারা।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফরিদা সুলতানা বলেন, সরকারি দায়িত্ব পালনের মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষের সেবা করা। আমি মনে করি, মানুষের সমস্যার কথা শোনা এবং সামর্থ্য ও দায়িত্বের মধ্যে থেকে দ্রুত সমাধানের চেষ্টা করা একজন প্রশাসনিক কর্মকর্তার কর্তব্য। বরিশাল সদর উপজেলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন—সব ক্ষেত্রেই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। কোনো মানুষ যেন সেবা পেতে হয়রানির শিকার না হন, সেটিই আমার প্রত্যাশা। সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থেকে সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। তিনি আরো বলেন, নদীতে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনকারী কেউ ছাড় পাবে না। ইতিমধ্যে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। তারপরও আমাদের কেউ তথ্য দিলে সাথে সাথে অভিযান পরিচালনা করা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।




















