
টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেফতার
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের পর প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ থেকে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামের এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এঘটনায় বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেফতার চেন ইয়ংকে মানিকগঞ্জের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে মানিকগঞ্জ থেকে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এ ঘটনায় পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করলে নিখোঁজের সাত দিন পর ২৪ নভেম্বর (মঙ্গলবার) রাতে ওই ছাত্রী তার বড় বোনকে মুঠোফোনে কল করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিলো। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে ওই ছাত্রী।
শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তার বড়ো বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




















