
৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ

আর একটি রান করলেই ড্যারিল মিচেলের নামের পাশে ১৭তম ফিফটি যোগ হতো। তখন পানি পানের বিরতি চলছিল। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১ রান করা এই নিউজিল্যান্ড ব্যাটার হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিলেন শুবমান গিলের দিকে। ভারতীয় অধিনায়কও সাড়া দিলেন। আরও কিছুটা সময় চাইলে খেলা যেত। কিন্তু ফল ড্র ছাড়া আর কিছু হতো না!
ওয়েলিংটন টেস্টে নিঃসন্দেহে ভালো দল ছিল ভারত। কিন্তু সারাদিন ব্যাট করার জন্য নিউজিল্যান্ডের দৃঢ় সংকল্পের প্রয়োজন ছিল। তাতে তারা সফল। ম্যাচ বাঁচাতে ৮ ব্যাটার হাতে রেখে শেষ দিন খেলতে নেমে আর মাত্র তিন উইকেট হারিয়েছে। মিচেল ও গ্লেন ফিলিপস দুজনে মিলে তিনশটির বেশি বল খেলে ভারতের জয়ের আশায় পানি ঢালেন। স্বাগতিকদের একটাই পরিকল্পনা ছিল- বাধা দেওয়া। মিচেল ও ফিলিপস ২৫৯ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ শেষ করেন।
১২৬ বলে ২ চারে ২৬ রানে অপরাজিত ছিলেন ফিলিপস। মিচেল ৪৯ রান করে টিকে ছিলেন, মোকাবেলা করেছেন ১৮৬ বল। অপরাজিত ইনিংসে ছিল চারটি চার ও একটি ছয়।
২ উইকেট হারিয়ে ২৩৩ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ড শেষ দিন মাঠে নামে। স্কোরবোর্ডে ১১৯ রান নিয়ে খেলতে নেমে তারা ১৭৬ রানে পাঁচ উইকেট হারায়। ৪৪ রানের ব্যবধানে স্বাগতিকদের তিন উইকেট নিয়ে জয়ের আশা জাগিয়েছিল ভারত। কিন্তু কোনো ভুল করেননি ফিলিপস ও মিচেল। দাঁত কামড়ে ক্রিজে পড়ে ছিলেন তারা।
৫৯ রানে খেলতে নেমে ডেভন কনওয়ে ইনিংস সেরা ৬৫ রানে থেমেছেন। আগের দিনের ২৭ রানের সঙ্গে আর ১০ রান যোগ করতে পারেন রাচিন রবীন্দ্র (৩৭)। টম ব্লান্ডেল প্রতিরোধ গড়েছিলেন ৫৪ বলে ১৫ রানের ইনিংস খেলে। শুরুর ধাক্কা সামলে নিয়ে প্রায় দুই সেশন টিকে ছিল ষষ্ঠ উইকেট জুটি।
ওয়েলিংটনে প্রথম ইনিংসে হেনরি নিকলসের ১৭৫ ও ফিলিপসের ১১৮ রানে চড়ে স্বাগতিকরা ৩৬৮ রান করেছিল। ৭০ রানে পাঁচ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় কিউইরা। কিন্তু ভারত দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত প্রথম ইনিংসে একগাদা রেকর্ড গড়ে ৭২০ রান করার পর ইনিংস ঘোষণা করে। ম্যাচ বাঁচানোর আপ্রাণ চেষ্টায় নিউজিল্যান্ড শেষ পর্যন্ত করেছে ৫ উইকেটে ২৩৯ রান।
ভারত অগণিত রেকর্ড গড়লেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে নিউজিল্যান্ডের ব্যাটার নিকলসের হাতে।




















