সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের সম্মাননা পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন

reporter

মাইনুল খান

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ


মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের সম্মাননা পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন

পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা উপলক্ষে পটিয়া ব্লাড ফাউন্ডেশনকে (PBF) বিশেষ আমন্ত্রণ জানানো হয়। সংগঠনটির মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিশেষ অতিথি মানবিক শওকতের কাছ থেকে তাঁরা এ সম্মাননা গ্রহণ করেন।

গত ২০ নভেম্বর (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে পটিয়া ব্লাড ফাউন্ডেশন রক্তের চাহিদা পূরণে ব্লাড ম্যানেজমেন্ট, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের সহায়তা, দুর্যোগে সহযোগিতা,খাদ্য ও আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোলাইমান বলেন, “এই সম্মাননা আমাদের প্রত্যেক স্বেচ্ছাসেবী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আমরা সম্মাননার প্রত্যাশায় নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই কাজ করি। এই অর্জন আমাদের আরও উৎসাহ ও দায়িত্বশীলতার সঙ্গে মানবতার সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। পটিয়া থেকে বৃহত্তর চট্টগ্রামে মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, এ সম্মাননা শুধু একটি অর্জন নয়, বরং সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবীর জন্য গর্ব ও অনুপ্রেরণার। মানবতার সেবায় সমাজের কল্যাণে—এই প্রত্যয়কে ধারণ করে পটিয়া ব্লাড ফাউন্ডেশন আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার।’ যুবসমাজ ও স্বেচ্ছাসেবীরা মানবিক কাজে এগিয়ে না এলে সমাজ ক্রমেই কলুষিত হয়ে পড়বে। তাই সুন্দর ও মানবিক সমাজ গঠনে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

মাইনুল খান / এমএসএম

Link Copied