সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

দুবাই ফেরত যাত্রীর শরীরে মিলল ১৮ স্বর্ণের বার

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ


দুবাই ফেরত যাত্রীর শরীরে মিলল ১৮ স্বর্ণের বার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার সবুজ চ্যানেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা আল আমিন।

যাত্রীর নাম মোহাম্মদ রুহুল আমিন। তিনি দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে ঢাকায় আসেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সবুজ চ্যানেলে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। এ সময় রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করার পাশাপাশি শরীরে অবৈধ কিছু লুকানো আছে কি না, তা পরীক্ষা করা হয়।

একপর্যায়ে ওই যাত্রী শরীরে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তার শরীর থেকে আঠালো ফিতায় মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।

পরে কাস্টমস হলের মালামাল গণনা ও তালিকাভুক্তির টেবিলে সবার সামনে আঠালো ফিতা খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

aliul / aliul

Link Copied