রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর হাতে নতুন হল উদ্বোধনের প্রত্যাশা ইবি উপাচার্যের

reporter

আল আবির রায়হান

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ


৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর হাতে নতুন হল উদ্বোধনের প্রত্যাশা ইবি উপাচার্যের

​নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।” একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

​প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে উপাচার্য বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তাঁর হাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল উদ্বোধনের প্রত্যাশা করছি।”

​বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আল আবির রায়হান / এমএসএম

Link Copied