রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

এলএনজি আমদানি বাড়াতে হচ্ছে ফেনী-বাখরাবাদ পাইপলাইন

reporter

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ


এলএনজি আমদানি বাড়াতে হচ্ছে ফেনী-বাখরাবাদ পাইপলাইন

এলএনজি আমদানি বাড়াতে ফেনী-বাখরাবাদ ৯৭ কিলোমিটার নতুন পাইপলাইন করা হচ্ছে। প্রস্তাবিত ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ৪ হাজার ৬৮১ কোটি ৮৩ লাখ টাকা খরচ প্রক্কলন করা হয়েছে।

ডিপিপি চুড়ান্ত করতে লিকুইডিটি সার্টিফিকেটের জন্য অর্থমন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে প্রকল্প ব্যয়ের ৬০ শতাংশ ২ হাজার ৮০৯ কোটি টাকা সরকারি অর্থায়ন, গ্যাস উন্নয়ন তহবিল থেকে ৩৫ শতাংশ ১ হাজার ৬৩৮ কোটি ঋণ এবং বাস্তবায়নকারি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ৫ শতাংশ ২৩৩ কোটি টাকা অর্থায়নের কথা বলা হয়েছে।

মোট ব্যয়ের ৬০ শতাংশ জিওবি ঋণ এবং ৪০ শতাংশ ইক্যুইটি অর্থায়নের কথা বলা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চিঠিতে।

মহেশখালীতে বিদ্যমান দুটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট) দিয়ে দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা সম্ভব। কুতুবজোনে নতুন করে আরও একটি এফএসআরইউ ভাড়ায় বসানোর প্রস্তুতি চলছে। চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি প্রায় চুড়ান্ত করে আনা হয়েছে।

তৃতীয় এফএসআরইউ এলে সরবরাহ সক্ষমতা ১ হাজার ৭০০ মিলিয়নে উন্নীত হবে। সেই পরিমাণ এলএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যমান পাইপলাইনের সক্ষমতা নেই। সর্বোচ্চ ১ হাজার ৪০০ মিলিয়ন সরবরাহ দেওয়া সম্ভব তাতেও রয়েছে নানা রকম আশঙ্কা। এ ছাড়া একটি ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবনা রয়েছে। যেটির সক্ষমতা হবে প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলার পরিচালক (অপরেশন ও মাইনস) প্রকৌশলী মোঃ শোয়েব বার্তা২৪.কমকে বলেছেন, ফেনী-বাখরাবাদ পাইপলাইন হলে আর কোন সংকট থাকবে না। ফেনী-বাখরাবাদ ৪৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসানো হচ্ছে। ল্যান্ডবেজড টার্মিনালের বাড়তি এলএনজি সরবরাহের সক্ষমতা তৈরি হবে।

এক প্রশ্নের জবাবে বলেন, বিদ্যমান পাইপলাইন দিয়ে ১ হাজার ৭০০ মিলিয়ন সরবরাহ করা একটু কঠিন হতে পারে। তবে সব গ্যাস ঢাকায় নিয়ে আসতে হয় না, চট্টগ্রাম অঞ্চলের একটা চাহিদা রয়েছে।

জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুন ভূঁইয়া বার্তা২৪.কমকে বলেছেন, লিকুইডিটি সাটিফিকেটের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি গেছে। ডিপিপির কাজও দ্রুত এগিয়ে চলছে, ভূমি অধিগ্রহনের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে। সেই রিপোর্ট জিটিসিএল বোর্ডে অনুমোদন দিয়ে পেট্রোবাংলায় প্রেরণ করা হয়েছে। ডিপিপিতে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে ৮টি গ্রাহক শ্রেণিতে অনুমোদিত লোডের পরিমাণ রয়েছে ৫ হাজার ৩৫৬ মিলিয়ন ঘনফুট (দৈনিক)। এর বিপরীতে চাহিদা ধরা হয় ৩৮০০ থেকে ৪০০০ মিলিয়ন ঘনফুট। দৈনিক ২৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে, আর ঘাটতি থেকে যাচ্ছে প্রায় ১৩০০ মিলিয়নের মতো। ঘাটতি সামাল দিতে কখন সার কারখানা বন্ধ, কখনও সিএনজি ফিলিং স্টেশন বন্ধ, কখনও আবার বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে শিল্পে ঘাটতি লেগেই থাকছে।

এক সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও এখন (১৯ নভেম্বর) ১৬০৫ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।বাড়ন্ত চাহিদার বিপরীতে উৎপাদন বাড়ানো দূরের কথা, বর্তমান উৎপাদন ধরে রাখাই কঠিন মনে করা হচ্ছে। দেশীয় উৎপাদন বাড়াতে তেল-গ্যাস অনুসন্ধানে জোরদার করা জরুরি ছিল। বিগত সরকারগুলো সেদিকে মনযোগ দিতে ব্যর্থ হওয়ায় আজকের এই সংকট বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা।

দেশীয় গ্যাস ফিল্ডের যখন ধস ঠেকানো যাচ্ছে না। তখন সহসা আমদানি বাড়ানোর কোন সুযোগ নেই। আমদানি বাড়াতে গেলে নতুন এলএনজি টার্মিনাল স্থাপন করতে হবে। তড়িৎ উদ্যোগ নিলেও কমপক্ষে দুই বছর সময় লাগবে ভাসমান এলএনজি টার্মিনালে। আর স্থায়ী টার্মিনালে সময় লাগবে ৫ থেকে ৭ বছরের মতো।

এই যখন পরিস্থিতি তখন শুধু এফএসআরইউ কিংবা এলএনজি টার্মিনাল হলেই আমদানি ইচ্ছেমতো বাড়ানোর সুযোগ নেই। মহেশখালী থেকে বাখরাবাদ পর্যন্ত নতুন পাইপলাইন স্থাপন করতে হবে। ফেনী-বাখরাবাদ অংশ সরবরাহ বাড়াতে সহায়তা করলেও পুরোপুরি চাহিদা পুরন করতে পারবে না। সরবরাহ বাড়াতে ফেনী-মহেশখালী পাইপলাইন জরুরি। এতে প্রায় ২০ হাজার কোটি টাকার খরচ প্রাক্কলন করা হয়েছে।

২০২৬-২৭ সালে গ্যাস সংকট নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ঘাটতি সামাল দিতে আমদানির পথে পা বাড়িয়েছিল আগের সরকার। এ জন্য ভাসমান দু’টিসহ মোট ৩টি এলএনজি টার্মিনালসহ আন্তদেশীয় একাধিক পাইপলাইনের উদ্যোগ নিয়েছিল।

দরপত্র ছাড়া বিশেষ আইনে করা চুক্তিগুলো বাতিল করে দেয় অন্তবর্তীকালীন সরকার। চুক্তি বাতিলের সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা করা জরুরি ছিল। অন্তবর্তীকালীন সরকার সেই পথে না হাটায় বিশাল সংকটের মুখে পড়েছে নতুন সরকার। নানা কারণে ২০২৭ ও ২০২৮ সালে গ্যাস সংকট বেড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে।

aliul / aliul

Link Copied