
চট্টগ্রামে চুরি মামলার জব্দ তালিকায় মিথ্যা তথ্য
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার একটি সিএনজি চুরির মামলার জব্দ তালিকায় মিথ্যা তথ্য উপস্থাপন করে মালিককেই চোর বানানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও পশ্চিমের উপ পুলিশ কমিশনারের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছেন মো. রাজিব ও আকবর হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি ডবলমুরিং) তদন্ত করছেন বলে জানা গেছে।
একাধিক লিখিত অভিযোগে বলা হয়েছে,গত ১৫ মে ডবলমুরিং থানায় দায়ের করা ১৬ নং মামলায় চুরি হয়েছে দাবি করা চট্ট মেট্রো-থ- ১৩-৪৪০৫ সিএনজির মূল মালিক ছিলেন মো. রাজিব। গত ১২ মে মো. মোক্তাদির হোসেন ভূঁইয়া, মোহাম্মদ সফিকুল ইসলাম ভুঞা ও মূল মিডিয়া এবং গ্যারেজ মালিক মো. সেলিমের উপস্থিতিতে ৮০০ টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তি করে ১৯ লাখ ৭০ হাজার টাকায় সিএনজিটি ক্রয় করেন আকবর হোসেন। একইসাথে গাড়িটি যাবতীয় কাগজ (গাড়ির রেজিষ্ট্রেশন সনদ স্মার্ট কার্ড, ফিটনেস সনদ, টেক্স টোকেন, বিআরটিএ সিলকরন সংক্রান্ত রসিদ, রোড পারমিট ও টি.আই.এন সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ড) ও ষ্ট্যাম্পে স্বাক্ষর সহ গাড়িটি বুঝে নিয়ে ভাড়ায় চালানো শুরি করেন। রাতে সেটি ইপিজেড এলঅকার লেভার কলোনীর আকতার মিস্ত্রির গ্যারেজে রাখা হতো।
গত ১৫ মে ডবলমুরিং থানার একটি চুরি মামলার সূত্র ধরে গাড়িটি গ্যারেজ থেকে জব্দ করে কাগজপত্র দেখতে চান এস আই মোমিনুল ইসলাম। পরে গ্যারেজ মালিক আকতার মিস্ত্রী ও মো. সেলিমসহ আরো ৩ পুলিশ এবং ২জন ড্রাইভারকে সাথে নিয়ে বন্দর থানা এলাকার ইষ্টকলোনীর আকবরের বাসায় গিয়ে কাগজপত্র দেখার কথা বলে তার হাত থেকেই জব্দ করেন। জব্দ তালিকায় থাকা ১ ও ২ নং সাক্ষীর ( মো. সেলিম ও আক্তার হোসেন) লিখিত জবানবন্দীতে স্পষ্ট করে বলেছেন।
কিন্তু জব্দ তালিকায় লিখেছেন, ইপিজেড থানাধিন পূর্ব গেইটে আক্তার মিস্ত্রীর গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে মামলার আলামত হিসেবে সিএনজি জব্দ করা হয়েছে আর সিএনজির সিটের নিচ থেকে কাগজপত্র জব্দ করা হয়েছে।
অভিযোগের সত্যতা স্বীকার করে ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি, ডবলমুরিং) মো. ইমরান খান বলেন, এধরণের অভিযোগ সম্পর্কে আমি শুনেছিলাম। বিষয়টি আমার আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি একটি প্রতিবেদন দিয়েছিলেন বলে জানতে পেরেছি। আমার কাছে আর কোন পেন্ডিং কিছু নেই।
উল্লেখ্য তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় জব্দকৃত সিএনজিটি বর্তমানে বাদী নিজামুল হক ও অভিযোগকারী আকবর হোসেন উভয়ই তাদের ক্রয়কৃত বলে দাবি করেন। আদালতে দাখিল করা নিজামুল হকের গাড়ি ক্রয়ের স্ট্যাম্পগুলো জাল বলে উল্লেখ করে একটি সিআর মামলা দায়ের করেন আকবর হোসেন। উভয় মামলা আদালতে বিচারাধিন আছে। সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আদালতের আদেশ চুড়ান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন।



















