শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে কুরআনের ছবক ৭৬ শিক্ষার্থীর, ১১০ জন পেল সংবর্ধনা

reporter

এম.এ.নয়ন

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ


গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে কুরআনের ছবক ৭৬ শিক্ষার্থীর, ১১০ জন পেল সংবর্ধনা

রংপুরের গঙ্গাচড়া উপজেলার জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৬ জন শিক্ষার্থীকে কুরআনের ছবক দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি মো. আবিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯ রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেয়ামত আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, ছাত্রনেতা হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ রহমান, নিউজ ২৪-এর গঙ্গাচড়া প্রতিনিধি সুজন আহমেদ, সাংবাদিক নির্মল রায়, জামায়াত নেতা তাজউদ্দীন ও সোহাগ রহমান এবং ব্যবসায়ী মিজানুর রহমান ও ফয়জার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় জরুরি। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আদর্শিক গুণাবলি অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে ৭৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয়। এতে ছবক প্রদান করেন তাকওয়া মসজিদের ইমাম মাওলানা মুফতি আমানুল্লাহ এবং উপজেলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাজুল ইসলাম। বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরীক্ষায় সাফল্য অর্জনকারী মোট ১১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে নবম শ্রেণির শিক্ষার্থী ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মিশকাতুল মাহি বলেন, ‘এটা আমার জীবনে অত্যন্ত আনন্দের একটি দিন। ক্রেস্ট পেয়ে খুবই আনন্দ লাগছে।’ জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাবিয়া ইহতাম বলেন, ক্রেস্ট ও বৃত্তির টাকা পেয়ে খুবই আনন্দ লাগছে। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি তার শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করছে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষাও দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেন বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই জ্ঞানগৃহ আইডিয়াল স্কুল প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার বিকাশে কাজ করে যাচ্ছে। নিয়মিত শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে। একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম এমন শিক্ষার্থী গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম.এ.নয়ন / এমএসএম

Link Copied